মোহাম্মদ আমরার সন্ধানে ফ্রান্সের নরম্যান্ডিতে শত শত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, মঙ্গলবার কারাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যান থেকে পালিয়ে যায় মোহাম্মদ। ‘দ্য ফ্লাই’ নামে পরিচিত, আমরাকে রুয়েনের একটি আদালতের শুনানি থেকে ফেরত পাঠানো হচ্ছিল। একটি গাড়ি এসে হঠাৎ পুলিশ ভ্যানকে ধাক্কা মারে। গাড়ির ভেতরে থাকা অস্ত্রধারী ব্যক্তিরা পুলিশ ভ্যানে গুলি চালায়, এতে দুই কারা কর্মকর্তা নিহত হয়।ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ‘এই অপরাধীদের খুঁজে বের করার জন্য সমস্ত পথ অবলম্বন করা হচ্ছে।’ এরপর থেকে গুরুত্বপূর্ণ স্থানে গাড়িগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেছেন, ‘অপরাধীদের খুঁজে বের করার জন্য সবকিছু করা হচ্ছে’।প্যারিসের রাষ্ট্রীয় কৌঁসুলি লর বেকুউ সাংবাদিকদের বলেছেন যে, ‘মঙ্গলবার স্থানীয় সময় ১১ টার কিছু আগে পুলিশ ভ্যানটি উত্তর ফ্রান্সের ইউরে অঞ্চলের ইনকারভিলে টোল ব্যারিয়ার অতিক্রম করে এবং তখন একটি পিউজিট গাড়ি ভ্যানটিকে থামাতে তাকে ধাক্কা দেয়। বন্দুকধারী লোকগুলো একটি অডি গাড়ি থেকে বেরিয়ে আসে। তারা সম্ভবত পুলিশ ভ্যানটিকে অনুসরণ করছিল।’ ঘটনাস্থল ত্যাগ করার আগে তারা দুটি গাড়িতে বেশ কয়েকবার গুলি চালায়। ২ অফিসার নিহত ও বেশ কয়েকজনকে আহত করে।
প্যারিসের প্রসিকিউটর বলেছেন যে, দুটি গাড়ি অপরাধীরা ব্যবহার করেছিল বলে মনে করা হয়, পরে বিভিন্ন স্থানে এগুলি পোড়া অবস্থায় পাওয়া গেছে। ফরাসি বিচারমন্ত্রী এরিক ডুপন্ড-মোরেটি সাংবাদিকদের বলেছেন, ‘পুলিশের যে কর্মকর্তা নিহত হয়েছেন তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।’
নিহত দ্বিতীয় অফিসারের স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। হামলায় আহত হয়েছেন আরও তিন কর্মকর্তা।
বিচারমন্ত্রী জানিয়েছেন, ‘যে অপরাধীদের কাছে জীবনের কোনও মূল্য নেই তাদের রেয়াত করা হবে না। তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।’
এদিকে মোহাম্মদ আমরার আইনজীবী, হুগেস ভিজিয়ার, ফরাসি নিউজ চ্যানেল বিএফএমটিভিকে বলেছেন, তিনি আমরাকে মুক্ত করার পরিকল্পনা সম্পর্কে জানতেন না।
কিছু ফরাসি মিডিয়ার রিপোর্ট অনুসারে, আমরা এই সপ্তাহের শুরুতে তার কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিল। আমরার দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ের একটি গ্যাংয়ের সাথে সম্পর্ক রয়েছে বলে জানা গেছে, যেটি মাদক-সম্পর্কিত সহিংসতায় জর্জরিত। তবে আজ পর্যন্ত তার অপরাধমূলক রেকর্ডে ড্রাগ অপরাধের কোনো যোগসাজশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্যারিসের প্রসিকিউটর ।
সূত্র :বিবিসি

