গয়েশ্বরের প্রশ্ন : “বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধপল্লী” ?

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে পাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধপল্লী, যে সাংবাদিক ঢুকতে পারবে না?’

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনের একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকে হ্যাক হয়েছে। এটা তাদের চেহারা দেখেও বোঝা যায়। সাংবাদিকরা সেখানে ঢুকতে পারছে না। সাংবাদিকদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা সেখানে প্রবেশ করবে, কি করবে না। গণমাধ্যমকর্মীরা সবাই চাকরি হারানোর ভয়ে আছে। তাই অনেক সত্য অপ্রকাশিত থাকছে।’

তিনি বলেন, ‘দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে কয়দিন পরে মানুষ টের পাবে। ইতোমধ্যে ঘরে ঘরে টের পাচ্ছে। কোষাগার খালি, ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না। শিল্পকারখানা বন্ধ হতে বসেছে। চাকরির বাজার হাহাকার। বন্ধ নেই লুটপাট। লুটপাট করা সংবিধানে লেখা নেই, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে লুটপাট যেন অলিখিত সংবিধান।’

ভারতীয় পণ্যবর্জন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভারতের পণ্য বয়কটের কথা বলব না। তবে, নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে, ভারতীয় পণ্য কেনার আগে। কেননা, ভারতের ৫২৭টি পণ্য নিষিদ্ধ হয়েছে।’

ভারতের কারণে আজ সার্ক অকার্যকর বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি বলেন, ‘এর কারণ হচ্ছে ভারত কালেক্টিভ লিডারশিপে বিশ্বাস করে না। তারা এককভাবে নেতৃত্ব দিতে চায়। এ জন্য তাদের সঙ্গে সার্কের দেশগুলো নেই। এরই মধ্যে মালদ্বীপ গেছে, শ্রীলংকাও গেছে, ভুটান যায় যায়, নেপাল নাই, পাকিস্তান আগাগোড়াই নাই। আছে শুধুমাত্র বাংলাদেশ। ভারতের কেজরিওয়াল (দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী) বলেছেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রী মোদির প্রোডাক্ট’’। এই আওয়ামী লীগ সরকার দেশের জন্য ক্ষতিকর। এই আওয়ামী লীগকে বর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘আজকে আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায় না। তারাও জানে আমরা ভোট দেই আর না দেই আমাদের প্রার্থী জয়ী হবে।’

তিনি বলেন, ‘আমাদের প্রভু রাষ্ট্রের সমর্থনের প্রয়োজন নেই। ভোট বর্জন করে দেশের মানুষ আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে।’

দলের আন্দোলন পরিচালনাকারীদের মধ্যে ভেজাল থাকলে পথ আরও লম্বা হবে বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে পারলে আমাদের বিজয়ী দ্রুত হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে প্রশ্ন করে গয়েশ্বর বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কাদের সাহেবদের বাবা-চাচারা কোথায় ছিলেন? সৎ সাহস থাকলে বলেন।’

জিয়া মঞ্চের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.