মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজে চুরি, অভিযোগ সাংবাদিকদের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে থাকা দামি স্মারক চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এয়ার ফোর্স ওয়ানে সফরকারী সাংবাদিকরা এসব স্মারক চুরি করেছেন। এ জন্যও সতর্ক করা হয়েছে তাঁদের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের পর চুরির ঘটনাটি নজরে আসে। সফর শেষে এয়ার ফোর্স ওয়ানের জিনিসপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থানে থাকা কিছু স্মারক নেই। চুরি করা স্মারকের মধ্যে ছিল দামি ব্র্যান্ডের বালিশের কভার, গ্লাস থেকে শুরু করে সোনার প্রলেপে কিনারা বাঁধানো প্লেট।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশন এ ঘটনায় সাংবাদিকদের সতর্ক করে বলেছে, এয়ার ফোর্স ওয়ান থেকে কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়া নিষিদ্ধ।

হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের গত মাসে একটি ই–মেইল পাঠায় এ অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, ওই ধরনের আচরণ প্রেসিডেন্টের সঙ্গে সফরকারী সাংবাদিকদের সম্পর্কে খুবই খারাপ মনোভাবের প্রকাশ। এমন আচরণ অবশ্যই ত্যাগ করতে হবে। এয়ার ফোর্স ওয়ানে মাঝেমধ্যে সাংবাদিকদের স্মারক হিসেবে চকলেটের বাক্স দেওয়া হয়। তাতে প্রেসিডেন্টের সিল যুক্ত থাকে। মার্কিন প্রশাসন বলছে, এরপরও এয়ার ফোর্স ওয়ানের লোগোযুক্ত স্মারক গায়েব হওয়ার অহরহ ঘটনা ঘটছে।

ভয়েস অব আমেরিকার হোয়াইট হাউস প্রতিনিধি মিশা কোমাদোভস্কি বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ থেকে আনা স্মারকের একটি ‘ছোটখাটো’ সংগ্রহ গড়ে তুলেছি। তবে এ সংগ্রহের জন্য কোনো অন্যায় করিনি।

এয়ার ফোর্স ওয়ানকে মার্কিন প্রেসিডেন্টের আকাশপথের দপ্তর হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্টের সরকারি এ উড়োজাহাজ মাঝ আকাশে জ্বালানি নিতে পারে। এর ফলে জরুরি প্রয়োজনে সীমাহীন পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রয়েছে এয়ার ফোর্স ওয়ানের। এ ছাড়া এটি আকাশপথে হামলা প্রতিরোধেও সক্ষম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.