কতভাবে মরবে মানুষ ?

কতভাবেই না মরছে মানুষ। সড়ক দুর্ঘটনায়, নির্মাণকাজে, আগুনে পুড়ে এমনকি আত্মহনন করে ঝরে যাচ্ছে তরতাজা মানুষ। প্রতিদিন পত্রিকা, টেলিভিশন আর অনলাইন প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে সেসব মৃত্যুর সংবাদ। মৃত্যু স্বজনদের কাছে কতটা বেদনার তা প্রকাশ করার ভাষা বড় সাহিত্যিকদেরও থাকে না। নীরবতা, স্তব্ধতা, বুকফাটা হাহাকার, চিৎকার করে কান্নার মাধ্যমে হয়তো তার কিছুটা প্রকাশ ঘটে কিন্তু পুরোটা নয়। তারপরও যত বেদনাদায়ক হোক না কেন, স্বাভাবিক মৃত্যুকে মানুষ মেনে নেয় কিন্তু যখন আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু কালো পর্দা টেনে দেয় জীবনের ওপর; তখন বিক্ষোভ, উত্তেজনা আর শেষে হতাশা ছড়িয়ে পড়ে। প্রশ্ন জাগে, এসব মৃত্যুকে কি একটু সতর্ক হলে এড়ানো যেত না?

বেইলি রোড অগ্নিকা-ে ৪৬ জনের মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এর রেশ শেষ না হতেই আরও অগ্নিমৃত্যু প্রত্যক্ষ করল বাংলাদেশ। গত ১৩ মার্চ ইফতারের আগমুহূর্তে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নারী ও শিশুসহ ৩৬ জন আহত হন। প্রাথমিকভাবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন শিশু এবং ২ জন নারীসহ ২০ মার্চ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়। দেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা নতুন নয় এবং প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে দেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে দুর্ঘটনার সংখ্যা ছিল ৮৯৪। অর্থাৎ দিনে গড়ে দুটির বেশি দুর্ঘটনা ঘটেছে। কেন ঘটছে এসব দুর্ঘটনা সে বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এ দুর্ঘটনাগুলো মূলত গ্যাসের লিকেজ থেকে ঘটে। সিলিন্ডারের হোস পাইপ, রেগুলেটর, গ্যাস ভালভের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সংযোগ ত্রুটির কারণে গ্যাস লিক হয়। সেই লিকেজ গ্যাস বেরিয়ে বাইরে কোথাও জমতে থাকে। এরপর অপেক্ষা শুধু অসতর্কতার। সামান্য আগুন, এমনকি স্ফুলিঙ্গের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে জমে থাকা সেই গ্যাস বিস্ফোরিত হয়, ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

এসব দুর্ঘটনা খেয়াল করলে দেখা যায় যে, গ্যাসলাইনের লিকেজ থেকে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি মিথেন গ্যাস জমা হয়েছিল। মিথেন গ্যাস দাহ্য পদার্থ। বদ্ধ রুমে বাতাসে ৫ থেকে ১৫ শতাংশ অথবা তার চেয়ে বেশি মিথেন গ্যাসের উপস্থিতি ঝুঁকিপূর্ণ। সেখানে কোনো স্পার্ক (স্ফুলিঙ্গ), ম্যাচের কাঠি বা আগুনের উৎস থাকলেই বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনা ঘটে। অনেক সময় মিথেনের সঙ্গে যুক্ত হয় হাইড্রোজেন সালফাইড। যা নিজে দাহ্য না হলেও অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য হয়। মিথেন ও হাইড্রোজেন সালফাইড এক হয়ে বেড়ে যায় দহন ক্ষমতা। সে কারণে বড় ধরনের বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের মাত্রা এমনও হতে পারে, যার ফলে ভবনও ধসে যেতে পারে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য বলছে, ২০২১ সালে ৮৯৪টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছে ৭৫ জন। এসব ঘটনায় আটজনের মৃত্যু হয়েছিল। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় যখন প্রশ্ন উঠছে এগুলো দেখার দায়িত্ব কার, তখন শুরু হয়েছে দায় এড়ানো আর দায় চাপানোর খেলা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দায় দিচ্ছেন বিস্ফোরক পরিদপ্তরের ওপর। একটি গ্যাস সিলিন্ডার ন্যূনতম ২০ বছর ব্যবহার করার কথা। এ সময়ের মধ্যে কয়েক দফায় রেগুলেটর ও ভালভ পরিবর্তন করতে হয়। এ দুটি যন্ত্রাংশই মূলত গ্যাস লিকেজের জন্য দায়ী। ফলে এসবের মান নিয়ন্ত্রণ অগ্নি প্রতিরোধে গুরুত্বপূর্ণ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেশের সিলিন্ডারগুলোয় মানহীন রেগুলেটর ও ভালভ ব্যবহারের ফলে লিকেজ সৃষ্টি হয়। এসব সিলিন্ডার ও এতে ব্যবহৃত যন্ত্রাংশের মান পরীক্ষার দায়িত্ব বিস্ফোরক পরিদপ্তরের। কিন্তু এই দপ্তরের কর্মক্ষমতা কতটুকু? ফলে যথাযথভাবে তো দূরের কথা কোনোভাবেই এসব গ্যাস সিলিন্ডারের মান পরীক্ষা করা হয় না। চাহিদার চাপের সুযোগে বাজারে ছড়িয়ে পড়ছে মানহীন গ্যাস সিলিন্ডার ও এতে ব্যবহৃত যন্ত্রাংশ আর বাড়ছে ঝুঁকি।

জানা গেছে, দেশে বর্তমানে ৬০ লাখের বেশি গ্রাহক এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন। এবং এই সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। দেশে চার কোটির বেশি পরিবার তাদের প্রত্যেকেরই তো রান্না করতে হয়। রান্নার জ¦ালানি হিসেবে এখন গ্রামাঞ্চলেও সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ছে। এ মুহূর্তে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩০টি কোম্পানির অন্তত সাড়ে তিন কোটি সিলিন্ডার বাজারে রয়েছে। বিস্ফোরক পরিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক বছরে এলপিজি সিলিন্ডার আমদানি করা হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৩২৩টি। এলপিজি ছাড়া অন্যান্য সিলিন্ডার আমদানি করা হয়েছে ৩ লাখ ১ হাজার ১৯০টি। পাশাপাশি দেশে সিলিন্ডার নির্মাণের জন্য তিনটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এসব অনুমোদিত প্রতিষ্ঠান বাজারজাত করেছে দেশে নির্মিত ৩৫ লাখ ৮২৯টি এলপিজি সিলিন্ডার। কিন্তু এসব সিলিন্ডারের মান পরীক্ষার জন্য অনুমোদিত কোনো পরীক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়নি বা গড়ে ওঠেনি। একদিকে বিস্ফোরণে মৃত্যুঝুঁকি বাড়ছে, অন্যদিকে গ্যাসের চাহিদা বৃদ্ধি দুটোই চলছে সমানতালে। সে ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। কিন্তু সিলিন্ডারের মান পরীক্ষা করার দায়িত্ব কার এবং করবে কে? গ্যাস সিলিন্ডারের এত গ্রাহক থাকার পরও কেন অনুমোদিত সিলিন্ডার পরীক্ষণ কেন্দ্র নেই তা জানতে সংবাদ কর্মীরা যোগাযোগ করেছিলেন বিস্ফোরক পরিদপ্তরে। কয়েক দফা ফোন ও সেলফোনে মেসেজ পাঠানোর পরও প্রধান বিস্ফোরক পরিদর্শক নায়েব আলীর সাড়া পাননি তারা। পত্রিকায় প্রকাশিত এসব খবরে জনগণ বার্তাটা ঠিকই পেয়ে গেছেন। তাদের দেখার কেউ নেই। নিজেদের নিরাপত্তা যতটুকু পারেন নিজেদেরই নিশ্চিত করতে হবে। গত বছরের বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা অনুসন্ধান করেছে বিস্ফোরক পরিদপ্তর। এসব অনুসন্ধানে যে সাধারণ তথ্য বেরিয়ে এসেছে তা হলো, সিলিন্ডারের রেগুলেটর অথবা চুলার চাবির ত্রুটির কারণে এলপি গ্যাস লিকেজ হয়ে আবদ্ধ ঘরে জমা হয়। রেগুলেটর সঠিকভাবে সিলিন্ডারের সঙ্গে সংযুক্ত না থাকলে সেখান থেকে গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে সিলিন্ডারের মুখে আগুন ধরে যায়। ফলে কারণ অজ্ঞাত নয়, কিন্তু সমাধানের উদ্যোগ অপর্যাপ্ত এবং প্রতিষ্ঠানের দায় ন্যূনতম নেই। তবে বাংলাদেশের এলপিজি বিধিমালা, সিলিন্ডার বিধিমালা এবং বিস্ফোরণ অধিদপ্তরের পক্ষ থেকে কিছু বিষয়ে সতর্ক থাকার কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো : এলপিজি সিলিন্ডার খাড়াভাবে দাঁড় করিয়ে রাখতে হবে। উপুড় বা কাত করে রাখা যাবে না। এমনভাবে রাখতে হবে যেন আশপাশে কোনো কিছুর সঙ্গে ধাক্কা না লাগে। সিলিন্ডার কোনো পাটাতনের ওপরে নয়, বরং মাটিতে সমতল পৃষ্ঠে রাখতে হবে এবং চুলা, সিলিন্ডার থেকে কমপক্ষে ছয় ইঞ্চি ওপরে রাখতে হবে।

সিলিন্ডার কোনোভাবেই চুলার/আগুনের খুব কাছাকাছি রাখা যাবে না। সিলিন্ডারটি লম্বা পাইপের সাহায্যে চুলা থেকে অন্তত তিন ফুট দূরে স্থাপন করতে হবে। সিলিন্ডার রান্নাঘরের চুলার নিচে, ক্যাবিনেটের ভেতরে কিংবা বদ্ধ অবস্থায় নয় বরং খোলামেলা জায়গায় এবং সমান ভূমিতে রাখতে হবে। যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে। তবে সরাসরি সূর্যের নিচে রাখা যাবে না। ছায়া যুক্ত শুষ্ক পরিচ্ছন্ন স্থানে রাখতে হবে। সিলিন্ডার যেখানে থাকবে সেখানকার একটি জানালা সব সময় খোলা রাখার চেষ্টা করতে হবে। না হলে ঘরের ওপরে ও নিচে পর্যাপ্ত ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে। গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় অবশ্যই নিশ্চিত করতে হবে যেন চুলা চালু না থাকে। আগুন, বিদ্যুৎ এবং তাপের যে কোনো রকম উৎস সেই সঙ্গে দাহ্য, প্রজ¦লিত বা বিস্ফোরক পদার্থ এবং ভিন্ন কোনো গ্যাসের সিলিন্ডার থেকে এই এলপিজি সিলিন্ডার দূরে রাখতে হবে। যেখানে সিলিন্ডার রাখা হচ্ছে তার আশপাশে আগুন জ্বালানো, ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। সিলিন্ডারের ওপরে ভারী বোঝা রাখা যাবে না। রান্না শুরু করার আধাঘণ্টা আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিতে হবে। রান্না শেষে চুলার নব ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটর সুইচ অবশ্যই বন্ধ করতে হবে। অনেক দিনের বদ্ধ ঘরে প্রবেশের পর সবার আগে দরজা জানালা খুলে দিতে হবে। যদি ঘরের ভেতরে গ্যাসের গন্ধ পাওয়া যায় তাহলে জানালা-দরজা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে ডিলারদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ সময়ের মধ্যে ম্যাচের কাঠি জ্বালানো, ইলেকট্রিক সুইচ, সিলিন্ডারের রেগুলেটর কিংবা মোবাইল ফোন অন বা অফ করা থেকে বিরত থাকতে হবে। অনেকে সিলিন্ডারে লিকেজ খোঁজার সময় মোমবাতি কিংবা ম্যাচের কাঠি ব্যবহার করেন। সেটা কোনো অবস্থাতেই করা যাবে না। অতিরিক্ত গ্যাস বের করার জন্য এলপিজি সিলিন্ডারে চাপ দেওয়া, ঝাঁকানো কিংবা সিলিন্ডার গরম করা থেকে বিরত থাকতে হবে। এতে তরল এলপিজি দ্রুত গ্যাসে রূপান্তরিত হয়ে অস্বাভাবিক চাপ বেড়ে বিস্ফোরিত হতে পারে।

এলপিজিপূর্ণ সিলিন্ডার কোনো দুই চাকার যান যেমন সাইকেল-মোটরসাইকেলে কিংবা ভারসাম্য কম, এমন বাহনে পরিবহন করা যাবে না। নিয়মাবলি বা সতর্কতা তো জানানো হলো, তারপর? এসব নিয়ম পালন করতে হবে ব্যক্তিগতভাবে আর দুর্ঘটনা ঘটলে তা জীবন ও সম্পদহানি ঘটাবে বহু মানুষের। ফলে সতর্কতার বিষয়টি কি শুধু ব্যক্তির ওপর ছেড়ে দেওয়া চলে? দেশে এখন সাড়ে তিন বিলিয়ন ডলারের এলপিজির বাজার অর্থাৎ ৩৫ হাজার কোটি টাকার বেশি এবং এটা ক্রমবর্ধমান। এর সঙ্গে যুক্ত আছে চুলার বাজার দেড় হাজার কোটি টাকার, সিলিন্ডার ব্যবসা ৫০০ কোটি টাকার, খুচরা যন্ত্রাংশের বাজার ১০০০ কোটি টাকা। এখানেই শেষ নয়, এজেন্ট কমিশন, পরিবহন, মেরামতিসহ প্রায় ৪০ হাজার কোটি টাকার ব্যবসা আর প্রায় ৫ কোটি মানুষের জীবন জড়িয়ে আছে এই এলপি গ্যাসের সঙ্গে। ব্যবসায়ীদের যে প্রবল প্রতাপ সেটা সবাই জানে। তাদের মুনাফার কাছে মানুষের জীবনের নিরাপত্তা যেন তুচ্ছ হয়ে না যায় সেটা দেখার দায়িত্ব যাদের সে প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এখন বড় প্রয়োজন।

রাজেকুজ্জামান রতন

রাজনৈতিক সংগঠক ও কলাম লেখক

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.