ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৬ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনীর ছাগলনাইয়ার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে ২৬ জন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুর রশিদ এ তথ্য জানান। এর আগে সোমবার রাত ১০টার দিকে ছাগলনাইয়া পৌরসভার বাংলাদেশ-ভারত সীমান্তের পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ি-সংলগ্ন ৯৯ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ছাগলনাইয়া পৌরসভার বাংলাদেশ-ভারত সীমান্তের পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির উত্তর পাশে ৯৯ পিলার এলাকায় কাটা তারের ভেড়া দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিল উভয় দেশের প্রায় দুই শতাধিক শ্রমিক। বিএসএফের একটি টহল দল এ সময় চিনি বহনকারী শ্রমিকদের ধাওয়া করে। বেশীরভাগ শ্রমিক বিএসএফের ধাওয়ায় পালিয়ে যেতে সক্ষম হলেও ইমাম হোসেন, রিপন, শামীম, ইমন, হারুন, অদুন, গুরা মিয়া, জামাল, জাফর ইমাম, সাইমন, মহসিন, এমরান, রুবেল ও নুর করিমসহ ২৫ থেকে ২৬ জন শ্রমিক বিএসএফের হাতে ধরা পড়ে।

পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ কতজনকে নিয়ে গেছে। বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ঊর্ধ্বতন কতৃপক্ষের মাধ্যমে তারা তথ্য দিবেন বলে জানিয়েছেন। পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির অদূরে অপেক্ষা করছেন বিএসএফের হাতে আটক বাংলাদেশীদের স্বজনরা।

আটক ইমাম হোসেন শুক্কুলের বাবা বেলাল হোসেন জানান, আটককৃতদের ফিরিয়ে আনতে ফাঁড়িতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের কপি জমা দিয়েছেন।

স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমান জানান, বিএসএফ ২৫ থেকে ২৬ জনকে ধরে নিয়ে গেছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, এ ব্যাপারে বিধিমোতাবেক আইনি পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.