খবরে বলা হয়েছে, বৃটিশ এই জাহাজটির নাম মার্লিন লুয়ান্ডা। এতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আগুন ধরে যায়। ভারতীয় নৌবাহিনী বলেছে, ওই জাহাজের আগুন নিভাতে সহায়তা করছে আইএনএস বিশাখাপত্তম।
এক বিবৃতিতে তারা বলেছে, বাণিজ্যিক জাহাজগুলোতে নিরাপত্তা দিতে এবং সমুদ্রে জীবনকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতের নৌবাহিনী। ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের ক্রমবর্ধমান হামলার ভেতর ঘটেছে এই ক্ষেপণাস্ত্র হামলা। সামুদ্রিক এমন ঘটনার বিষয়ে নির্দেশনা ইস্যু করেছেন এডমিরাল আর হরি কুমার। এর আগে ১৮ই জানুয়ারি ভারতীয় ক্রুসহ একটি বাণিজ্যিক জাহাজ এডেন উপসাগরে ড্রোন হামলার শিকার হয়। উদ্ধারের আহ্বান পাওয়ার পর ভারত মোতায়েন করে আইএনএস বিশাখাপত্তম। এই উদ্ধারকারী জাহাজ বিপদে পড়া জাহাজকে উদ্ধার করে তাকে সহায়তা দেয়। ২১ ভারতীয় ক্রুসহ লাইবেরিয়ার পতাকাবাহী এমভি চেম প্লুটো ২৩শে ডিসেম্বর ভারতের পশ্চিম উপকূলে ড্রোন হামলার টার্গেটে পড়ে। এমভি চেম প্লুটো ছাড়াও আরেকটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকার একই দিনে লোহিত সাগরের দক্ষিণে সন্দেহভাজন ড্রোন হামলার কবলে পড়ে। এই জাহাজে ছিলেন ভারতীয় ২৫ জন ক্রু।

