মুম্বাই-গুয়াহাটিগামী বিমানের ঢাকায় জরুরি অবতরণ

ঘন কুয়াশায় মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি বিমান বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। আজ শনিবার ভোর চারটার দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে।

এনডিটিভি, ইন্ডিয়া ডট কমসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।খবরে বলা হয়েছে, ঘন কুয়াশায় গন্তব্যস্থল গুয়াহাটি বিমানবন্দর পর্যন্ত যেতে পারেনি বিমানটি। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।

মুম্বাই যুব কংগ্রেসের প্রধান সুরাজ সিং ঠাকুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাওয়ার জন্য আমি ওই বিমানে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশা থাকায় গুয়াহাটির স্থলে ঢাকায় বিমান অবতরণ করেছে।’

যাত্রীরা এখনো বিমানে আছেন জানিয়ে ঠাকুর আরও লেখেন, ‘৯ ঘণ্টা ধরে আমি বিমানে আটকা ছিলাম। মণিপুরে (ইম্ফল) ভারত জোড়ো ন্যায় যাত্রায় যাওয়ার কথা ছিল আমার। কিন্তু ঘন কুয়াশা থাকায় তাতে শামিল হতে পারিনি। এখন দেখা যাক, কখন গুয়াহাটি পৌঁছাতে পারি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.