প্রতিপক্ষের আঘাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় জাহাঙ্গীর হোসেন নামে আহত স্বতন্ত্র প্রার্থীর (কলারছড়ি) এক সমর্থকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামে বুধবার বিকেল ৪টার দিকে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন জাহাঙ্গীর হোসেন। কয়টি হাসপাতাল ঘুরে তাকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীরের বড় ভাই মোজাম্মেল হক জানান, তাদের বাড়ি পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামে। বাবার নাম তোতাম্বর। মেরুখালী ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর। স্থানীয় স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজ (কলারছড়ি) এর সমর্থক জাহাঙ্গীর।

বুধবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে পায়ে হেঁটে বাজারে নির্বাচনি ক্যাম্পে যাচ্ছিলেন তিনি। তখন স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজির (ঈগল) সমর্থকরা পিছন থেকে তার মাথায় এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আহত অবস্থায় তাকে মঠবাড়িয়া সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। সকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.