খরচ বাঁচাতে বাড়ি ছেড়ে স্থায়ীভাবে বিলাসবহুল হোটেল স্যুটে চলে গেল একটি চীনা পরিবার। কারণ এটি কোনো বাড়ি ভাড়া নেয়া কিংবা নিজের বাড়িতে থাকার চেয়ে সস্তা। আর সুবিধাজনকও বটে। তাই এমন সিদ্ধান্ত পরিবারের। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
আটজনের পরিবার। চীনের হেনান প্রদেশের নানিয়াং-এ একটি বিলাসবহুল হোটেলে গত ২২৯ দিন ধরে বসবাস করছেন তারা। শিগগিরই হোটেল স্যুট থেকে চলে যাওয়ার কোনো পরিকল্পনাও নেই তাদের। দুটি বেডরুম ও একটি বড় বসার ঘরসহ একটি বিলাসবহুল স্যুট ভাড়া করেছে ওই পরিবারটি। এর জন্য প্রতিদিন ১,০০০ ইউয়ান গুণতে হচ্ছে ওই পরিবারকে। এখন শোনা যাচ্ছে, ওই পরিবার অনির্দিষ্টকালের জন্যই হোটেলে থাকার পরিকল্পনা করেছে। কারণ ওই বিলাসবহুল স্যুটের দৈনিক ভাড়ার মধ্যেই বিদ্যুতের বিল, হিটারের বিল, পানির বিল এবং পার্কিং ফি অন্তর্ভুক্ত রয়েছে।
ওই পরিবার স্পষ্টত-ই দাবি করেছে যে তারা আসলে হোটেলে বসবাস করে অর্থ সাশ্রয় করে। টাকা বাঁচায়। সেইসাথে কোনো চিন্তা-ভাবনাহীনভাবে থাকতে পারেন তারা। তাই তাদের জীবন অনেক বেশি আরামদায়কও। তারা বলছে, ‘আমরা হোটেলে থেকে আনন্দ বোধ করি। তাই আমরা আমাদের বাকি জীবন একটি হোটেলে থাকারই পরিকল্পনা করেছি। রুমের ভাড়া প্রতিদিন ১,০০০ ইউয়ান করে। আমাদের আট সদস্যের পরিবার এই স্যুটে খুব ভালোভাবেই থাকতে পারে। আমরা কখনোই ভাবিনি যে এভাবে জীবনযাপন করলে তা টাকা বাঁচাতে সাহায্য করবে। আমাদের শুধু এটাই মনে হয়েছিল যেকোনো ঝক্কিহীন এটা বেশ সুবিধাজনক।’
যদিও জানা গেছে, ওই পরিবারের আর্থিক অবস্থা ভালোই। কমপক্ষে তারা ছয়টি সম্পত্তির মালিক। কিন্তু তারা বাড়িঘর ছেড়ে ২০০ দিনের বেশি হোটেলেই রয়েছেন। আর ভবিষ্যতেও তারা হোটেলেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই চীনা পরিবারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল হয়ে গেছে। সবাই তাজ্জব বনে গেছে ওই চীনা পরিবারের এহেন সিদ্ধান্তে।
সূত্র : জি নিউজ

