এভাবে হলে তো বিচার ব্যবস্থা ভেঙে পড়বে : হাইকোর্ট

বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি দিন রেখেছেন হাইকোর্ট। ওই দিন নুরুল হক নুরকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। একইসাথে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এদিন শুনানির শুরুতে নুরের আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতে বলেন, পত্রিকায় যেভাবে এসেছে নুরের বক্তব্য সে রকম নয়। প্রতিষ্ঠানকে (বিচার বিভাগ) টাচ করার ইনটেনশন ছিল না নুরের।

তখন আদালত বলেন, আমরাও চাই ভিন্ন হোক। এভাবে হলে তো বিচার ব্যবস্থা ভেঙে পড়বে।

আইনজীবী আরো বলেন, (নুর) যে কনটেক্সে বলছে সেটা তুলে ধরব।

আদালত বলেন, আপনারা রাজনীতিবিদরা এমন কিছু বলবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয়। এরপর আদালত ১৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন।

বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ নুরের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে নুরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, বদরুদ্দোজা বাদল, আবদুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী মো: মাকসুদ উল্লাহ, নুরে এরশাদ সিদ্দিকী প্রমুখ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

গত ৭ ডিসেম্বর অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ ও সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সেদিন দুপুর ১২টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংক এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ওই সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

নুরুল হকের দেয়া বক্তব্য নিয়ে ৭ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।

এ প্রতিবেদন নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট ১৭ ডিসেম্বর রুল জারি করে নুরকে তলব করেন। সে অনুসারে নুর হাজির হন।

আদালতে হলফনামা জমা দেয়ার জন্য নুরের আইনজীবী সময় চান। আদালত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন।

আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, উনি (নুরুল হক) যে বক্তব্য দিয়েছেন আইনজীবী হিসেবে তা আমরা পেয়েছি। ভিডিওটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যেভাবে বক্তব্যটা পত্রিকায় এসেছে হয়তোবা সেভাবে বক্তব্য দেয়ার জন্য মিন করেনি। ইনটেনশনটা ভিন্ন ছিল। আমরা যে রিপ্লাই দিবো আশা করি আদালত সন্তুষ্ট হবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.