এবার মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতি

ইয়েমেনের আদেন শহরের কাছে একটি মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি। সোমবার (১৫ জানুয়ারি) মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।

বাণিজ্যিক জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) জানিয়েছে, আদেন শহরের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে। ওই জাহাজের ক্যাপ্টেন তাদের জাহাজের বাঁ পাশে উপর থেকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বার্তা দিয়েছেন।

সমুদ্র নিরাপত্তা বিষয়ক অপর সংস্থা আমব্রে অ্যান্ড ড্রায়াড গ্লোবাল জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়া জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এবং এটি যুক্তরাষ্ট্রের ঈগল বাল্কের মালিকানাধীন জাহাজ। এটির নাম ঈগল জিব্রাল্টার।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা হলেও এতে কোনো আহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অপরদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ঈগল জিব্রাল্টার সীমিত ক্ষতির সম্মুখীন হলেও এটি তার যাত্রা অব্যাহত রেখেছে। এছাড়াও জাহাজে থাকা সব নাবিক অক্ষত রয়েছে বলে উল্লেখ করেছে স্কাই নিউজ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে লোহিত সাগরে ইসরায়েলগামী বা ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতিরা। তবে সোমবারের এ হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.