বিএনপি একদফা আন্দোলন শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, মিটিং ও মিছিল করা সাংবিধানিক অধিকার। আর আমরা যথাসময়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে অবহিত করেছি। পুলিশের সাথে সংঘর্ষ করার কর্মসূচি আমাদের না। কিন্তু আমাদের একদফার আন্দোলন চলমান থাকবে। এটা আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখব।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গয়েশ্বর চন্দ্র রায় এই কথা বলেন।
পুলিশি বাধার কারণে রাজধানীর মতিঝিল পীরজঙ্গী শাহ মাজারের সামনে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়। দুপুর ৩টায় পীরজঙ্গী শাহ মাজারের সামনে এই মিছিল হওয়ার কথা ছিল। বেলা ২টা ৩৫ মিনিটে কর্মসূচির প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আসেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলে চলে যান।
এর আগে তিনি বলেন, আমার এখানে আসার কথা ছিল, আসছি। পর্যবেক্ষণ করে দেখলাম। আপনারা (সাংবাদিক) শুনেছেন, উত্তরায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
গয়েশ্বর চন্দ্র বলেন, আমাদের নেতাকর্মীরা দাঁড়াতে পারে নাই। এখানে আসার পরে সার্বিক পরিস্থিতি বুঝছি যে, অযথা আমার কর্মী গ্রেফতার হবে। আমার কর্মীরা একত্রিত হতে পারছে না। আজকে এই পুলিশি তাণ্ডব ও বাধার তীব্র প্রতিবাদ করছি।

