নির্বাচন এলে জনগণের সেবা করার আকুতি বাংলাদেশ ছাড়া অন্য কোথাও এত তীব্রভাবে প্রকাশ করা হয় কিনা, জানা নেই। আর সেবা করার আড়ালে শোষণটাও এত তীব্রভাবে কোথাও হয় কিনা, তাও জানা নেই। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ‘আঙুল ফুলে কলাগাছ’। কিন্তু আঙুল আর কলাগাছের তুলনা করে বোঝানো যাবে না, সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির পরিমাণ। কারণ বুড়ো আঙুলের পরিধি, তিন ইঞ্চি আর কলাগাছের পরিধি মোটামুটি ৪৮ ইঞ্চি। বুড়ো আঙুলের তুলনায় কলাগাছ ১৬ গুণ মোটা। ভাবুন দেখি, হলফনামায় উল্লেখ অনুযায়ী সম্পদ বৃদ্ধি কত গুণ? কলাগাছ কি পাত্তা পাবে, এই বৃদ্ধির হারের কাছে? তাই প্রশ্ন জাগে, সংসদ সদস্য হলে কি এমন জাদুমন্ত্র শিখে যান বা আলাদিনের চেরাগ পেয়ে যান যে, সম্পদের পাহাড় তৈরি করতে পারেন? রূপকথার গল্পকে হার মানিয়ে স্বল্প সময়ে খুবই স্মার্টভাবে সম্পদ বাড়ানোর যে নজির প্রার্থীদের নিজেদের দেওয়া হলফনামায় উঠে এসেছে, তা সত্যিই বিস্ময়কর। সবকিছুকে গড় করে দেখানো পরিসংখ্যানের কাজ। গড়ের নিচে যেমন মানুষ থাকে, তেমনি গড়ের ওপরেও থাকে। যদি দেখা যায়, গড়ের ওপরে সামান্য মানুষ আর গড়ের নিচে বিপুল মানুষ তাহলে বুঝতে হবে বৈষম্য চরমে উঠেছে। দেশে বিপুল সংখ্যক দরিদ্র মানুষ সত্ত্বেও বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, তা সংসদ সদস্যদের হলফনামা দেখলে কারও অবিশ্বাস করার কারণ থাকবে না।
ক্ষমতায় থাকাকালীন মন্ত্রীরা উন্নয়নের কথা বলতে পছন্দ করতেন। তাদের কেউ বলেছেন, তাদের শাসনামলে বাংলাদেশের জনগণ অন্যান্য দেশের তুলনায় যেন বেহেশতে বসবাস করেন। কেউ আবার বলেছেন, দেশের অনেকেই এখন ইউরোপের ‘মানে’ জীবনযাপন করেন, কেউ আবার বলেছেন, তার এলাকার মেয়েরা দিনে তিনবার লিপস্টিক আর চারবার স্যান্ডেল পাল্টান। আসলে প্রত্যেকেই তার অবস্থান অনুযায়ী কথা বলেন। সাধারণ মানুষ তাদের কথায় অবাক হয়েছিল। এখন সম্পদ বৃদ্ধির পরিমাণ দেখে অবাক না হয়ে ভাবছেন ক্ষমতার এত ক্ষমতা যে, ক্ষমতাসীনদের সম্পদ বাড়ে সব নিয়ম ভেঙে চুরে। তাদের ধরার কেউ নেই কিন্তু তাদের প্রতিপত্তি দেখে ভয় পায় অনেকেই।
এ কথা হলফ করে বলা যায় যে, হলফনামায় যা উল্লেখ করা হয় সম্পদ তার চেয়ে বেশি থাকে। এই সম্পদের সামান্য অংশই প্রকাশ্য, বেশিরভাগটাই গোপন। আবার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হলফনামায় দেশের বাইরের সম্পদ উল্লেখ করেননি। যেমন এক মন্ত্রীর লন্ডনে আটটি কোম্পানি আছে, কিন্তু তিনি তা উল্লেখ করেননি। কোম্পানিগুলোর সম্পদমূল্য ২০ কোটি ৩১ লাখ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৮৪০ কোটি টাকা। এ নিয়ে নির্বাচন কমিশন ও দুদকের কোনো তৎপরতা দৃশ্যমান নয়। তবে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক কর্মকর্তা পত্রিকাকে জানিয়েছেন, অনুমোদন ছাড়া বিদেশে বিনিয়োগ করা বেআইনি। নির্বাচনের পর তারা বিষয়টি খতিয়ে দেখবেন। ফলে অনুমান করার অনেক কারণ আছে যে, এ রকম ঘটনা আরও আছে। তারপরও হলফনামাকে একটি প্রাথমিক ভিত্তি হিসেবে গ্রহণ করা যেতে পারে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবি যে তথ্য জানিয়েছে, তা থেকে বেরিয়ে আসে ক্ষমতার রাজনীতি এবং লুটপাটের অর্থনীতির এক উৎকট প্রদর্শনী। কমপক্ষে ২০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর আয় গত পাঁচ বছরে নজিরবিহীনভাবে বেড়েছে। সর্বোচ্চ আয় বেড়েছে বাণিজ্যমন্ত্রীর, শতাংশের হিসেবে ২ হাজার ১৩১ শতাংশেরও বেশি। আর যার আয় সবচেয়ে কম বেড়েছে, তিনি হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর, সেটাও কম নয়, ১৩২ শতাংশেরও বেশি। গত ১৫ বছরে আটজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদও সীমাহীনভাবে বেড়েছে। এতে শীর্ষে আছেন খাদ্যমন্ত্রী। ব্যবসা-বাণিজ্য, দ্রব্যমূল্য, সিন্ডিকেট, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের দুর্নীতি ও দাম বৃদ্ধি এসব মানুষের জীবন দুর্বিষহ করে তুললেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের দায় কতখানি, জবাবদিহি কতটা ছিল, তা আলোচনা করার চেয়ে সম্পদ বিবরণী দেখে মানুষ আলোচনা করছে।
মন্ত্রীদের আয় বৃদ্ধি এবং জনগণের দুর্ভোগ বৃদ্ধির মধ্যে সম্পর্ক আছে কি? গত ১৫ বছরে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে খাদ্যমন্ত্রীর, ৬ হাজার ৩৫০ শতাংশ। আর খাদ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে কষ্ট বেড়েছে। বিবিএসের জরিপ বলছে মানুষ এখন খাওয়া কমিয়েছে। গণশিক্ষা প্রতিমন্ত্রীর সম্পদ বেড়েছে ২ হাজার ৮৫৮ শতাংশ এবং গণশিক্ষার বেহাল দশা। বস্ত্র ও পাটমন্ত্রীর সম্পদ বেড়েছে ২ হাজার ৭০৩ শতাংশ, সর্বশেষ ২৫টি রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রীর সম্পদ বেড়েছে ২ হাজার ১৭৯ শতাংশ, বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বিদেশ যাওয়ার খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, বিদেশে তাদের লাঞ্ছনা ও কষ্টের শেষ নেই। শিল্পমন্ত্রীর সম্পদ বেড়েছে ৯৮২ শতাংশ, শিল্প শ্রমিকদের দুর্দশাও বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রীর সম্পদ বৃদ্ধি ৭৮৩ শতাংশ, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। শিল্প প্রতিমন্ত্রীর সম্পদ বেড়েছে ৪৯৩ শতাংশ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সম্পদ বেড়েছে ১২৯ শতাংশ, সারা দেশের ক্রীড়াঙ্গনের পরিস্থিতির উন্নতি কোথায়?
প্রার্থীদের মধ্যে শতকোটি টাকার চেয়ে বেশি সম্পদের মালিক রয়েছেন ১৮ জন। তাদের ১০ জন আওয়ামী লীগের এবং বাকি ৮ জন দলটির স্বতন্ত্র প্রার্থী। এদিক থেকে শীর্ষে আছেন এক মন্ত্রী। তার সম্পদের পরিমাণ ১ হাজার ৩৪৫ কোটি ৭৭ লাখ টাকা। তার পরেই আছেন আরও কয়েকজন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘নির্বাচনী হলফনামার তথ্যচিত্র : জনগণকে কী বার্তা দিচ্ছে?’ শিরোনামে সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, গত ১৫ বছরে অনেক মন্ত্রী-এমপির সম্পদ বৃদ্ধির চিত্র রূপকথার গল্পকেও হার মানিয়েছে। ক্ষমতা ও সম্পদের মেলবন্ধনে বাস্তব হার মানায় কল্পনাকে।
হলফনামায় দেওয়া সম্পদ বিবরণী কতটা সঠিক এবং আয় ও সম্পদ বৈধ কিনা, তা যাচাই করার দায়িত্ব আসলে কার? নির্বাচন কমিশন, রাজস্ব বিভাগ কিংবা দুর্নীতি দমন কমিশন কি তথ্য যাচাই করে, প্রার্থী হলফনামায় যা উল্লেখ করে সেটাকেই সত্য বলে গ্রহণ করে? ফলে তথ্য নিয়ে অনেক প্রশ্ন ওঠে। যেমন সম্পদের অর্জনকালীন যে মূল্য দেখানো হয়েছে, তা সঠিক কিনা? প্রার্থীরা তাদের অর্জিত সম্পদের কতটা দেখিয়েছেন অথবা বিদেশে সম্পদ থাকার তথ্য গোপন করেছেন কিনা ইত্যাদি। প্রশ্নগুলো আপাতত তুলে রেখেও টিআইবির প্রতিবেদনে মন্ত্রী-এমপি প্রার্থীর সম্পদের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আবার অনেক মন্ত্রী-এমপি-প্রার্থীর বিশাল পরিমাণ ঋণও রয়েছে। যেমন একজন প্রার্থীর ৪২১ কোটি টাকার সম্পদ থাকলেও তার ঋণ ও দায় রয়েছে প্রায় ২ হাজার ৫৩৮ কোটি টাকার। আর এক প্রার্থীর ঋণ আছে ২ হাজার ৭ কোটি টাকা। আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষিত হতে পারে। এবারের নির্বাচনে অন্তত দশজন প্রার্থী শত বিঘার বেশি কৃষিজমির মালিক। অথচ বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী, একজন ব্যক্তির সর্বোচ্চ ৬০ বিঘা কৃষিজমি থাকার বিধান রয়েছে। কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থীর জমির পরিমাণ ৬৪৭ একর। বগুড়া-২ আসনের প্রার্থীর ৫৪৮ একর, ময়মনসিংহ-৪ আসনের প্রার্থীর ১৯৫ একর, বাগেরহাট-৪ আসনের প্রার্থীর ১১০ একর, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থীর ৮৩ একর, যশোর-১ আসনের প্রার্থীর ৬৮ একর, চট্টগ্রাম-২ আসনের প্রার্থীর প্রায় ৭০ একর, ঢাকা-১৫ আসনের প্রার্থীর ৬১ একর, ভোলা-১ আসনের প্রার্থীর ৬০ একর ও সুনামগঞ্জ-২ আসনের প্রার্থীর ৫১ একর। এক একর সমান তিন বিঘা। অর্থাৎ ১৯৪১ বিঘা থেকে সর্বনিম্ন ১৫৩ বিঘা জমির মালিক নির্বাচনে দাঁড়িয়েছেন। দেখার কেউ কি আছেন?
জাতীয় সংসদ নির্বাচন একটি রাজনৈতিক প্রক্রিয়া। এতে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো আর সংসদকে বলা হয় আইনসভা। এখানেই সিদ্ধান্ত হয়, দেশ পরিচালনার নীতি ও পদ্ধতি নিয়ে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, বৈদেশিক সম্পর্ক, শিল্প কর্মসংস্থান সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এখানে। ফলে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক। কিন্তু দেখা যাচ্ছে, স্বাধীনতার পর প্রতিটি সংসদে পর্যায়ক্রমে রাজনীতিবিদের সংখ্যা কমছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে মূল পেশা বিবেচনায় ব্যবসায়ী আছেন ৫৭ দশমিক ৩৪ শতাংশ। এ ছাড়া আইনজীবী আছেন ৯ দশমিক ১৭ শতাংশ, কৃষিজীবী ৭ দশমিক ৮১ শতাংশ, চাকরিজীবী ৫ দশমিক ১৬ শতাংশ, শিক্ষক ৪ দশমিক ৯৫ শতাংশ, রাজনীতিবিদ আছেন ২ দশমিক ৮৬ শতাংশ। অবসরপ্রাপ্ত কর্মকর্তা ২ দশমিক ৭১ শতাংশ, চিকিৎসক ২ দশমিক ১৯ শতাংশ, সাংবাদিক দশমিক ৮৩ শতাংশ, গৃহস্থালি দশমিক ৬৮ শতাংশ এবং অন্যান্য ৬ দশমিক ৩০ শতাংশ। পুঁজিবাদী অর্থনীতিতে বড় পুঁজি যেমন ছোট পুঁজিকে গিলে খায় নির্বাচনেও তেমনি বড় পুঁজিপতিদের কাছে অন্য প্রার্থীরা অসহায়। এবার নির্বাচনে রেকর্ড পরিমাণ কোটিপতি ৫৭১ জন অংশ নিয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল তখন কোটিপতি প্রার্থী ছিল ২৭৪ জন আর সর্বশেষ নির্বাচন ২০১৮ সালে ছিল ৫২২ জন। আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে ৮২ শতাংশই কোটিপতি। ডামি প্রার্থীরাও কোটিপতি। ফলে নির্বাচন যাই হোক, সংসদ হবে কোটিপতি অধ্যুষিত এবং কোটিপতিদের স্বার্থে, এ ব্যাপারে সন্দেহ নেই।
নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কিনা সেই বিতর্ক করার অবকাশ নেই। কিন্তু এ ধরনের একটি নির্বাচনেও যে টাকার খেলা, পুলিশ ও প্রশাসনের ভূমিকা নির্বাচনকে প্রভাবিত করবে তা নিশ্চিত। একের পর এক নির্বাচন কী প্রমাণ করছে না, ক্ষমতায় গিয়ে সম্পদ বৃদ্ধি করা এবং সম্পদশালীদের নির্বাচনে অংশগ্রহণ করার পদ্ধতি খুবই শক্তিশালী হয়ে উঠেছে। হলফনামার বিবরণী তারই একটা দলিল হয়ে রইল ।
রাজেকুজ্জামান রতন
রাজনৈতিক সংগঠক ও কলামিস্ট

