ভাওয়ালে ট্রেন দুর্ঘটনা নিয়ে যা বলছে বিএনপি

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে এক যাত্রীর মৃত্যু ও অনেকে আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর রাতের এ ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

একই সঙ্গে ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে রিজভী বলেন, ভাওয়াল রেলস্টেশনে সংঘটিত ট্রেনের সাতটি বগি লাইনচ্যুতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ। আমি এই ঘটনায় ধিক্কার ও নিন্দা জানাই। যে বা যারা এ ধরনের অমানবিক ঘটনা ঘটিয়েছে, তারা মানবতার শত্রু। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি।

তিনি বলেন, দু-একটি গণমাধ্যম ট্রেনের এই বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে, যা গভীর চক্রান্তমূলক। এতেই প্রমাণিত হয় এবং জনগণ বিশ্বাস করে যে সুপরিকল্পিতভাবেই এই ধরনের নাশকতা ঘটানো হয়েছে।

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো হচ্ছে জানিয়ে রিজভী বলেন, দু-একটি গণমাধ্যম বিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ন্যক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.