সবুজ জমির ওপর লাল সূর্য আঁকা এতটা প্রতীকী জাতীয় পতাকা, আর কোনো দেশের আছে কিনা জানা নেই। সবুজ ভূখণ্ডের মাঝে লাল রঙ। এ যেন রক্ত দিয়ে আঁকা পতাকা। রক্ত দিয়ে আবাহন করা সূর্যের শক্তিকে। কবি সুকান্ত লিখেছিলেন, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। দুর্বৃত্তরা তা বুঝেছিল। ২৫ মার্চ কালরাত্রিতে নরক নামিয়ে এনে পাকিস্তানি সামরিক জান্তা ভেবেছিল কামান, বন্দুক, গুলি দিয়ে নিস্তব্ধ করে দেবে স্বাধিকারের আকাক্সক্ষা। তাদের ভাবনাকে মিথ্যা প্রমাণ করে, দুর্বৃত্তদের হটিয়ে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছিল। সেদিন প্রতিজ্ঞা ছিল শত্রুকে পরাজিত করার। প্রত্যাশা ছিল দেশটা হবে আমাদের সবার।
মুক্তির লক্ষ্যে অনিবার্য এই স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা তাদের বর্তমানকে উৎসর্গ করেছিলেন দেশের ভবিষ্যতের জন্য। এই ভূখণ্ডে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে তারা জীবন বাজি রেখে লড়েছিলেন। নয় মাসের সশস্ত্র যুদ্ধে একটা জাতিকে যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছিল, তার নজির পৃথিবীতে আর নেই। ৩০ লাখ মানুষের জীবন দান, ২ লক্ষাধিক নারীর লাঞ্ছনা, কোটি মানুষের গৃহহারা হয়ে দেশান্তরী হওয়া এবং গোটা দেশটাই একটা নির্যাতন ক্যাম্পে পরিণত হওয়ার ঘটনা যেমন বিশ্ববাসী জানে, তেমনি জানে কী অপরিসীম সাহস ও দেশপ্রেমের বলে বলীয়ান হয়ে ৮/১০/১২ সপ্তাহ ট্রেনিং নিয়ে একটি শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করেছিল বাংলার দামাল ছেলেমেয়েরা।
সাহস আসে কোথায় থেকে? সামরিক সক্ষমতা বিচারে লড়াইটা ছিল অসম। তাহলে এই লড়াইয়ে সাহসের উৎস কী ছিল? দেশের মানুষের প্রতি ভালোবাসা, মুক্তি অর্জন ও মর্যাদা প্রতিষ্ঠার আকুতি আর অন্যদিকে অপমানের জ¦ালা থেকে মুক্তির স্বপ্ন তাদের সাহসী করে তুলেছিল। এর আগে দুইশ বছর এই ভূখণ্ডের মানুষের বুকে পরাধীনতার গ্লানি আর চোখে স্বাধীনতার স্বপ্ন নিয়ে সংগ্রাম করেছে। এই বাংলার এমন কোনো জনপদ নেই, যেখানে ব্রিটিশবিরোধী সংগ্রাম ও সংগ্রামীদের স্মৃতিচিহ্ন নেই। ব্রিটিশবিরোধী সংগ্রামের মধ্য দিয়ে সর্বভারতীয় জাতীয়তাবোধ ধীরে ধীরে গড়ে উঠছিল কিন্তু তা পরিণত রূপ পায়নি নেতৃত্বের শ্রেণি অবস্থান ও ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে। দ্বি-জাতিতত্ত্বের নামে ধর্মভিত্তিক জাতীয়তার যে বীজ বপন করা হয় তার ফলে সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে উঠে পাকিস্তান। পৃথিবীর কোথাও ধর্মের ভিত্তিতে দেশ হয়নি। যদি তা হতো তাহলে এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সব কটি মুসলিম ধর্মাবলম্বী অধ্যুষিত অঞ্চল মিলে একটি মুসলিম দেশ হয়ে যেত। কিন্তু তা হয়নি। ইউরোপের সব দেশ মিলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশ হয়নি। চীন, জাপান, কোরিয়া মিলে যেমন বৌদ্ধ ধর্মের দেশ হয়নি তেমনি ভারত নেপাল মিলে হিন্দু বা সনাতন ধর্মের দেশ হয়নি। কারণ দেশ হতে গেলে ভূখণ্ডগত ঐক্য, সাংস্কৃতিক বন্ধন, ভাষা, অর্থনৈতিক জীবনধারা প্রভৃতি দরকার হয়। যে কারণে এক ধর্মের মানুষ হলেও তাদের নিয়ে এক দেশ হয় না। তাই প্রশ্ন উঠেছিল হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব, ভাষা সংস্কৃতির পার্থক্য নিয়ে শুধু ধর্মের ভিত্তিতে পাকিস্তান নামের যে দেশ গড়ে তোলা হয়েছিল তা কোনো বিচারেই এক রাষ্ট্র হতে পারে?
এই কৃত্রিম রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার নামে যেসব পদক্ষেপ নিতে শুরু করেছিল তাতে জনগণের মোহ ভঙ্গ হতে বেশি দেরি লাগেনি। ভাষার ওপর আক্রমণ প্রতিরোধ করতে ’৫২-এর ভাষা আন্দোলন, শিক্ষার অধিকার সংকুচিত করার প্রতিবাদে ’৬২-এর শিক্ষা আন্দোলন, সংস্কৃতির ওপর আক্রমণের বিরুদ্ধে ’৬৫ সালের আন্দোলন, ৬ দফার লড়াইয়ে ’৬৬ সালে রক্তদান, সামরিক শাসক আইয়ুবের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান ’৬৯ সাল, মানুষের বিপুল অংশগ্রহণে নির্বাচনে ধস নামানো বিজয় ’৭০ সালে এবং ’৭১-এর সশস্ত্র লড়াই ধারাবাহিকভাবে আমাদের আকাক্সক্ষাকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল। তখন আর একটি প্রশ্নের জন্ম হয়েছিল। স্বাধীন দেশটির চরিত্র কী হবে? পাকিস্তান ছিল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র তার বিপরীতে ধর্ম নিরপেক্ষতা, পাকিস্তান ছিল সামরিক শাসন দ্বারা পরিচালিত রাষ্ট্র তার বিপরীতে আকাক্সক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের, ব্রিটিশ শোষণ ও পাকিস্তানের ২২ পরিবারের শোষণের বিরুদ্ধে লড়াই করে শোষণ মুক্তির আকাক্সক্ষা থেকে সমাজতন্ত্র আর দীর্ঘদিনের উপনিবেশিক ও পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসনের বিপরীতে জাতীয়তাবাদ, এই আকাক্সক্ষাগুলো মূর্ত হয়ে উঠেছিল আমাদের চেতনায়। তাই ঘোষণা করা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে গ্রাম শহরের শ্রমজীবী মানুষ, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিভিন্ন পেশায় কর্মরত মধ্যবিত্ত নেমে এসেছিল আন্দোলন, অভ্যুত্থান আর স্বাধীনতার লড়াইয়ে। সব পথ যেন মিশে গিয়েছিল মুক্তির আশায়, স্বাধীনতার মোহনায়।
কিন্তু ৫২ বছর পরে আকাক্সক্ষা আর প্রাপ্তির হিসাব মেলাতে গেলে দেখা যাচ্ছে, কী বিশাল এক ফারাক তৈরি হয়েছে। শুধু তাই নয়, মানুষের মধ্যে তৈরি হয়েছে এক সুউচ্চ দেয়াল, যা অতিক্রম করা কঠিন। এক দেশ কিন্তু দুই শ্রেণির মানুষ। কেউ কারও দুঃখ, বেদনা, স্বপ্ন এমনকি ভাষাও বুঝতে পারছে না। সে কারণে যখন কেউ যখন গর্ব করে বলে, দেশের মানুষ ইউরোপের মতো জীবনযাপন করে তখন বিপুল সংখ্যক মানুষ বাঁচার মতো মজুরির দাবিতে আন্দোলন করে। ফলে স্বাধীনতার জন্য লড়েছিল যারা আর সুফল ভোগ করছে যারা তারা এক দেশের মানুষ হয়েও যেন এক জাতের মানুষ নয়। দুজন বাঙালি কোটিপতি নিয়ে যে দেশের যাত্রা শুরু সে দেশে আজ সোয়া লাখের বেশি কোটিপতি। যাদের মধ্যে আবার ২৫০ জন যে কোনো দেশের বিবেচনায় অতি ধনীর পর্যায়ে পড়ে, যাদের সম্পদ ৩ কোটি ডলারের বেশি। অর্থনীতির যে চিত্র আমাদের পীড়িত করে তা হলো, প্রায় দেশের ৭ কোটি ৩৬ লাখ শ্রমজীবী মানুষ যাদের মজুরি বিশ্বে সবচেয়ে কম, এক কোটি ৪৯ লাখ শ্রমজীবী মানুষ তাদের শ্রম বিক্রি করছেন ১৬৯টি দেশে। দেশে বেকারত্ব এত তীব্র, যে কোনো একটা কাজ পাওয়ার জন্য যুবকরা মরিয়া হয়ে বিপদসংকুল ও অনিশ্চিত পথে বিদেশে পাড়ি দিচ্ছে। কৃষক ধান, সবজি, মাছ, ফল চাষ করে ন্যায্য দাম পাচ্ছে না। অন্যদিকে বাজার সিন্ডিকেটের কারণে খাদ্যদ্রব্যের দাম বাড়ছেই। শিক্ষা এবং চিকিৎসার ব্যয় ক্রমাগত বাড়ছে। বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে দেশে টাকা পাঠায় শ্রমিকরা আর প্রতি বছর গড়ে ৫০ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে ধনীরা। ব্যাংকের টাকা আত্মসাতের নিত্যনতুন খবর আসছে। মানুষ দেখছে দেশের জিডিপি, প্রবৃদ্ধি, বৈষম্য আর দুর্নীতি সবই বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য, বেকারত্ব, শিক্ষা, চিকিৎসার ব্যয়। বাড়ছে পুষ্টিহীন মানুষ আর ভবিষ্যৎহীন শিশু-কিশোরের সংখ্যা, যাদের ঠাঁই হয় রাস্তায় আর নাম দেওয়া হয় পথশিশু।
লড়াইটা ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কিন্তু ধর্মের রাজনৈতিক ব্যবহার ধর্ম ব্যবসায়ীদের তৎপরতা দুটোই বেড়েছে এবং ক্ষমতার স্বার্থে এসবের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ এবং সাম্প্রদায়িক শক্তির উন্মাদনা বাড়ছে। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্য বেদনা জাগিয়েছিল তাই আকাক্সক্ষা ছিল সাম্যের। কিন্তু সাম্যের পরিবর্তে অসাম্য এখন প্রধান ধারা, ফলে ধনী-দরিদ্রের ব্যবধান আকাশচুম্বী। সামাজিক ন্যায়বিচার এখন মানুষের ধরাছোঁয়ার বাইরে। মানবিক মর্যাদা যে কতখানি ভূলুণ্ঠিত তা নারীর লাঞ্ছনা, সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু জাতিসত্তার ওপর আক্রমণের চিত্র দেখলে বোঝা যায়। গণতান্ত্রিক মূল্যবোধ এবং চর্চা এখন সবচেয়ে নিম্নস্তরে পৌঁছে গেছে। নির্বাচনকে গণতান্ত্রিক চর্চার অংশ না করে ক্ষমতা ও লুণ্ঠনের বৈধতা নেওয়ার পদ্ধতি বানানো হয়েছে। সংসদ সদস্যদের সম্পদের বিবরণী দেখলে তার সামান্য আঁচ পাওয়া যায়।
১৬ ডিসেম্বরে পাকিস্তানিদের আত্মসমর্পণ আর আমাদের বিজয়ের প্রাক্কালে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, এবার তারা পরাজিত করবে শোষণ ও লুণ্ঠনের ব্যবস্থাকে। কিন্তু হায়! স্বাধীনতার পর যে পুঁজিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং যা ক্রমাগত শক্তিশালী হচ্ছে তার ফলেই শোষণ ও বৈষম্য এত প্রকট রূপ নিয়েছে। এ কারণেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি কিন্তু শোষকদের প্রাপ্তি ঘটেছে ব্যাপক। শোষণ ও লুণ্ঠনকে অব্যাহত রাখতেই নিপীড়ন যেমন বাড়ছে, শোষণকে আড়াল করতে সাম্প্রদায়িক উন্মাদনাও তেমনি প্রশ্রয় পাচ্ছে। ফলে উন্নয়নের এই প্রবল জোয়ারেও গণতন্ত্র ও নৈতিকতার ভাটার টান মানুষ প্রত্যক্ষ করছে। মানুষ দেখছে, কিন্তু কারণটা কী ধরতে পারছেন? একদিন তারা বুঝেছিল যে, পাকিস্তানিরা শোষণ করে তাই লড়াইটা ছিল সরাসরি। কিন্তু যে শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কারণে শোষণ বৈষম্য এত বৃদ্ধি পেল, তাকে চিনতে না পারলে দীর্ঘশ্বাস পড়বে কিন্তু দুর্দশা দূর হবে না।
আজ ঝলমলে সুউচ্চ ভবন, হাইওয়ে, রাস্তা, ফ্লাইওভার, ব্রিজ, মেট্রো, টানেল দেখে, মাথাপিছু আয়, জিডিপি বৃদ্ধি দেখে দেশের উন্নয়নের একটা চিত্র যেমন দেখা যায়, অপর পিঠে শ্রমিক কৃষক নিম্নবিত্তের দিনযাপনের কষ্টকর চিত্র যেন উন্নয়নকে বিদ্রুপ করছে। প্রশ্ন উঠছে, এই উন্নয়ন কার জন্য? আর গণতন্ত্রের বেহাল দশায় মানুষ ভাবছে, এমন গণতন্ত্র কি আমরা চেয়েছিলাম? প্রতিবার বিজয় দিবস আসে আর আমাদের মনে জিজ্ঞাসা তৈরি হয়, যে মুক্ত স্বদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা লড়াই করেছিলাম, বিজয়ী হয়েও সে স্বপ্ন কি বাস্তবায়ন করতে পেরেছি? আর যে লুটপাট, সাম্প্রদায়িকতা, শোষণ ও দুঃশাসনকে পরাজিত করতে চেয়েছিলাম তা কি পেরেছি? এ প্রশ্নের সহজ স্বীকারোক্তি, না। তাই ভূখণ্ডের বিজয় আর পতাকার অধিকার পাওয়াতেই থেমে যাওয়া নয়, আরও পথচলা বাকি।

