নৌকায় ভোট দিতে না চাওয়ায় ‘থাপ্পড়’

রাজশাহী-৫ আসনে দুর্গাপুরে নৌকা প্রতীকে ভোট দিতে না চাওয়ায় উমেদ আলী (৫০) নামের এক সাধারণ ভোটারকে ‘থাপ্পড়’ দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজার বিরুদ্ধে।

আজ সোমবার দুপুরে উপজেলার শ্যামপুর বাজারে নির্বাচনী গণসংযোগকালে এ ঘটনা ঘটে। এসময় রাজশাহী-৫ আসনের আব্দুল ওয়াদুদ দারা উপস্থিত ছিলেন। উমেদ আলীর বাড়ি একই এলাকার নামোদরখালী গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামপুর বাজারে গণসংযোগ করছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা। গণসংযোগকালে পানের আড়তের কাছে উমেদ আলী নামের এক ব্যক্তির কাছে নৌকা প্রতীকে ভোট চান আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজা। তখন নৌকা প্রতীকে ভোট দিতে অস্বীকার করলে উমেদ আলীকে ‘থাপ্পড়’ দেন সুজা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সুজা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিব্রত হয়ে আব্দুল ওয়াদুদ দারাও কিছু সময় পর নেতাকর্মীদের নিয়ে চলে যান।

এ বিষয়ে উমেদ আলী অভিযোগ করে জানান, তার কাছে নৌকা প্রতীকে ভোট চান আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজা। তিনি ভোট দিতে অপারগতা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তার দুই গালে ‘থাপ্পড়’ দেন সুজা। এ ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে আবু হানিফ সুজা বলেন, ‘উমেদ আলী বিএনপির কর্মী। আওয়ামী লীগকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করায় তাকে কে যেন চড় মেরেছে। আমি সেখানে ছিলাম না, তবে শুনেছি।’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.