আসামে ধরা পড়ল বিরল প্রজাতির ৫০০ মাছ, প্রতিটির দাম লাখ টাকা

এক একটি মাছের দাম প্রায় এক লাখ ভারতীয় রুপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমনই দামের বিরল প্রজাতির ৫০০টি মাছ ধরা পড়েছে ভারতের আসামে। যেগুলোর আন্তর্জাতিক বাজারদর প্রায় সাড়ে ৪ কোটি ভারতীয় রুপি।

শনিবার ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, বৃহস্পতিবার ডিব্রুগড় বিমানবন্দর থেকে এই মাছ উদ্ধার হয়। মাছগুলো বিদেশে পাচার করা হচ্ছিল।

এ ঘটনায় শ্রীধন সরকার এবং জিতেন সরকার নামে তিনসুকিয়া জেলার দুই বাসিন্দাকে আটক করেছে পুলিশ। কলকাতা যাওয়ার বিমানে ওঠার সময়ই এই দু’জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, শ্রীধন এবং জিতেনের কাছ থেকে যে মাছগুলো উদ্ধার হয়েছে, সেগুলো অত্যন্ত বিরল প্রজাতির ‘চান্না বারকা’ মাছ। বাংলায় এটিকে তিলা শোল বা পিপলা শোল বলে। এটি মিষ্টি পানির মাছ। এই মাছের দেহের সামনের দিকটা চোঙাকৃতি। পেছনের দিকটা চ্যাপ্টা। এই ধরনের মাছ মূলত ভারত, বাংলাদেশ দু’দেশেই পাওয়া যায়। আসামে ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে গোয়ালপাড়ায় এই মাছের দেখা মেলে।

ভারতের বাজারে এক একটি পিপলা শোলের দাম সেখানকার মুদ্রায় ৭৫-৮০ হাজার টাকা। আটকদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, তিনসুকিয়া জেলার প্রত্যন্ত গ্রাম থেকে বেশ কয়েকজনের কাছ থেকে এই মাছ কেজি প্রতি ৪০০ টাকায় কেনা হয়। মাছগুলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন এবং জাপানে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আসামে স্থানীয় ভাষায় এই মাছকে চেং গারাকা বা গারাকা চেং-ও বলা হয়। সূত্র : আনন্দবাজার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.