গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের হত্যাসহ প্রতিটি ঘটনা সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
আজ শনিবার রাজধানীর সেগুন বাগিচার তোপখানা রোডে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
আজ বিকেলে নির্বাচন কমিশনের আলোচনায় নিবন্ধিত দল হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে আমন্ত্রণ জানানো বলে জানান সাইফুল হক। কিন্তু এই আলোচনা সভায় অংশ নেওয়ার প্রয়োজনীয় নেই বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটি খোলা চিঠি পড়েন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ২৮ অক্টোবরের সমাবেশ ছিল শান্তিপূর্ণ। স্বতঃস্ফূর্তভাবে লাখ লাখ মানুষ মহাসমাবেশে অংশগ্রহণ করে। আমাদের গণতন্ত্র মঞ্চসহ সমমনা রাজনৈতিক দলের নেতারা সমাবেশে এসেছিলেন। সরকার পরিকল্পিতভাবে সংহিংসতা তৈরি করে। এই ধরনের ঘটনায় তৃতীয় পক্ষ কাজ করে। এর দায় সরকার ও সরকারি দলকে বহন করতে হবে। একটি মহাসমাবেশের যখন অনুমতি দেওয়া হয়েছে, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার, সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর।
তিনি আরও বলেন, সেদিনের ঘটনায় পুলিশ মারা গেছে-এটা দুঃখজনক। বিএনপিসহ আমাদের ৮-১০ জন নেতা মারা গেছেন, যেটা খুবই দুঃখজনক। কিশোরগঞ্জে কুলিয়ারচরে পূর্ব সতর্কতা ছাড়া পুলিশের এসপি বলেছেন, ‘৫ মিনিটের মধ্যে আপনারা চলে যাবেন, না হলে গুলি করা হবে।’ কোনো লাঠিচার্জ বা টিয়ারসেল নিক্ষেপ ছাড়াই সরাসরি গুলির আদেশ দিলেন। সেখানে তাৎক্ষণিক দুজন মারা গেছেন। অনেকে হাসপাতালে আছেন। এসব ঘটনা গণমাধ্যমে একেবারে বাইরে।
সাইফুল হক বলেন,২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত যত সংঘর্ষ হয়েছে, সেখানে মানুষ মারা যাওয়া, হাসপাতালে আগুন দেওয়া, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করাসহ প্রতিটি ঘটনায় সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে একটা বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্ত কমিশন দেখতে চাই। অল্প সময়ের মধ্যে কমিশনকে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলুন। এ ব্যাপারে অবশ্যই আমরা সম্মতি দেব। কারণ, ইতোমধ্যে কথাটা এসেছে, সরকারি তদন্ত কমিটির প্রতি বিরোধী দল বা জনগণের কোনো আস্থা নেই, এটা আমাদের অতীত অভিজ্ঞতা।

