তৈরি পোশাক শ্রমিকদের নুন্যতম মজুরী নিয়ে তামাশা চলছে। বর্তমান বাজার ব্যবস্থায় প্রস্তাবিত ন্যূনতম মজুরী ১২ হাজার ৫ শো টাকা কিছুই না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি তৈরি পোশাক শ্রমিকদের মজুরী বৃদ্ধির আন্দোলনে সমর্থন জানান এবং বেতন বৃদ্ধির আহ্বান জানান।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় জিএম কাদের বলেন, গবেষণা সংস্থা সিপিডি’র সর্বশেষ গবেষণায় জানা গেছে, বাংলাদেশে ৪ সদস্যের একটি পরিবারে শুধু মাসিক খাবার খরচ ২২ হাজার ৪২১ টাকা। এই গবেষণার পরেও কয়েকদফা দাম বেড়েছে নিত্যপণ্যের।
তিনি বলেন, মালিকপক্ষ উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বিশ্ব বাজারে প্রতিযোগিতার যে অজুহাত তুলে শ্রমিকদের স্বল্প বেতন দিতে চাচ্ছে তা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়। উৎপাদন বাড়িয়ে হলেও শ্রমিকদের ন্যয্য মজুরী নিশ্চিত করতে হবে। শ্রমিক অভুক্ত রেখে ব্যবসা টিকিয়ে রাখার যৌক্তিকতা মধ্যযুগীয় দাস প্রথার বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়।

