বাংলাদেশের নির্বাচন : গভীর নজর মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীরভাবে নজর রেখেছে যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক টুইট বার্তায় এ কথা জানানো হয়েছে।

সিনেটের এই কমিটি টুইটে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার গণতান্ত্রিক অংশীদাররা বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীর নজর রেখেছে। তারা মনে করেন, স্বচ্ছ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সব দলের জন্য উন্মুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।’

 

ব্রিফিংয়ে এক বাংলাদেশি সাংবাদিক মিলারকে প্রশ্ন করেন- ‌‘বিএনপি যেভাবে ‌‌‘সহিংসতাকে’ বেছে নিয়েছে, আপনার কী মনে হয় না এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করছে দলটি?’

জবাবে মিলার বলেন, ‌‘আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক সেটাই আমরা চাই।’

আবারও মার্কিন নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে মার্কিন মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের এই নীতির বিষয়ে এর আগেও বেশ কয়েকবার স্পষ্ট করে বলে দিয়েছি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.