দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান তিন রাজনৈতিক দলের মধ্যে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র দেওয়ার চিঠির জবাব দিয়েছে বিএনপি।
বুধবার (১৫ নভেম্বর) লু’র চিঠির জবাবে দলটি জানিয়েছে- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংলাপ নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই।
চিঠির জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফিরতি চিঠিতে লিখেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার দলের হাজারো নেতাকর্মী এখন কারাবন্দি রয়েছেন।
এমন পরিস্থিতিকে সংলাপের জন্য অনুকূল পরিবেশ আছে কিনা, সে ব্যাপারে প্রশ্ন তোলেন রিজভী।
প্রসঙ্গত, আসন্ন নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত সমস্যার সমাধানের পথ খুঁজে নেওয়ার জন্য শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে গত সোমবার (১৩ নভেম্বর) দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেন ডোনাল্ড লু।
চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে।

