আ.লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। এ ছাড়া সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।

এর আগে সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়। বাংলাদেশে সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে।

আওয়ামী লীগ মানুষের কাছে আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা, এটা কিন্তু বেশ কঠিন। আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে নির্বাচন বানচালের জন্য অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই। বিএনপি আগুন নিয়ে খেলছে। মানুষ এসব পছন্দ করছে না।

জল্পনা-কল্পনার পর বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যা যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.