বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর বলেন, আমি তো ক্রিমিনাল না। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার আগে তো কোনো ক্রিমিনাল কেস নেই। আমার বয়স ৭৪। এ বয়সে আমার রিমান্ড চায়। আমার ছেলের বয়সীরা রিমান্ডে নিয়ে মানসিকভাবে হেনস্তা করতে চায়। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে।
রোববার (৫ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর গাউছিয়া মার্কেটের যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংকে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুর করতে জোর দাবি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম তার জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানি চলাকালে আদালতের অনুমতি নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। আমি কী আজকের পরিস্থিতিতে দাঁড়ানোর জন্য যুদ্ধ করেছি। আমি নিজেই আমার জামিনদার হতে চাই। আপনি যে শর্ত দেবেন তা মানবো। আমি আমার জামিন চাই।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, আসামির নাম এজাহারে নেই। সন্দেহভাজন হিসেবে শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তিনি আইনমন্ত্রী ছিলেন। তাকে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করে রিমান্ড চাওয়া হয়েছে, এর মতো লজ্জাজনক আর কী হতে পারে। তাকে কেন রিমান্ডে নিতে হবে।
জানা গেছে, ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানাধীন গাউছিয়া মার্কেটস্থ যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। এ ঘটনায় বাসচালক বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন।
মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে শনিবার (৪ অক্টোবর) ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। সুত্র, জাগো নিউজ ।

