নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, আমাকে নমিনেশন দিয়েন না। সবাই যেখানে চায় সেখানে আমি বলেছি, দিয়েন না। আমাকে অন্যভাবে কাজে লাগান।’
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী ১৩ অক্টোবর কাঁচপুরের শান্তি সমাবেশ সামনে রেখে আজ বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ এক প্রস্তুতি সভার আয়োজন করে। সেই সভায় শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘আমি এমপি না হলে কিছুই হবে না। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমার মেয়ে, বউদের ধর্ষণ করবে তারাই—যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। এটা একাত্তরের চেয়েও বড় যুদ্ধ। আমি সারারাত ঘুমাই না। আমি অন্য কারও মতো না। আমি খবরগুলো পাই। কোন দিক দিয়ে এগোচ্ছে সেগুলো জানি। ওরাও জানে আমি কোন দিক দিয়ে এগোচ্ছি। আমি এম এ সোলজার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।’
আওয়ামী লীগের এমপি বলেন, ‘তারা পূজার মধ্যে ও পরে মরণকামড় দেবে। দেশটাকে ১০ থেকে ১২ দিনের মধ্যে চরম অস্থিতিশীল করার চেষ্টা করবে। তাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে ফিলিস্তিনের চেয়েও খারাপ হবে। বড় ধরনের আঘাত আমাদের মোকাবিলা করতে হবে। তাই আমাদের আগামী ১৩ অক্টোবর সমাবেশ ঘিরে প্রস্তুতি নিতে হবে। একটি থানার প্রোগ্রাম কতটা বড় ও সফল হয় সেটা নারায়ণগঞ্জ করে দেখাবে। এবার আর বলব না, খেলা হবে। সোনারগাঁও থেকে বলব ফাটাফাটি হবে।’
দলের কমিটির বিষয়ে শামীম ওসমান বলেন, ‘ঢাকা থেকে অনেকগুলো কমিটি আটকে রাখা হয়েছে। আওয়ামী লীগের কমিটি ও অঙ্গ সংগঠনগুলোর কমিটি মুলার মতো ঝুলিয়ে রাখার কারণে দলে গ্রুপিং বাড়ছে। অন্তত নারায়ণগঞ্জের কমিটিগুলো দিয়ে দেওয়া প্রয়োজন। কারণ নারায়ণগঞ্জকে অন্য জেলার সঙ্গে তুলনা করলে হবে না। ঢাকা যা না পারে, সেটা নারায়ণগঞ্জ পারবে।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘পূজার পর নারায়ণগঞ্জ থেকে একটা থাবা দেব। এক থাবা দিয়ে নারায়ণগঞ্জ শুধু না, ঢাকাও খালি করে দেব।’
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল প্রমুখ।

