বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির জনসমাবেশ আজ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসতে শুরু করেছে। গতকাল রাত থেকে নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি বলে অভিযোগ করেছে দলটির মুখপাত্র। তবে আজ সকাল থেকে নয়াপল্টন দখলে নিয়েছে বিএনপি।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মালিবাগ, কাকরাইল, নাইটিংগেল, মৎসভবন, পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ, পীরজঙ্গী মোড়ে নেতাকর্মীদের ঢল নেমেছে।
বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিলে আসছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।
নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল এলাকা পর্যন্ত এই সড়কে সকল যান চলাচল বন্ধ রয়েছে।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে

