চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু

সরকার পতনের একদফা দাবিতে এবার কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি। আজ সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় খন্দকার ফুড গ্যালারি প্রাঙ্গণে (হাইওয়ে সংলগ্ন) উদ্বোধনী সমাবেশের মধ্যদিয়ে রোডমার্চ শুরু হয়। রাত থেকেই ঝরছিল ঝিরিঝিরি বৃষ্টি। সকালে শুরু হয় মুষলধারে। বৃষ্টির মধ্যেই উদ্বোধনী সমাবেশে জড়ো হন নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে বৃষ্টি থেমে গেলে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসচিবের বক্তব্যের পর শুরু হয় রোডমার্চ। কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মী রোডমার্চের বহরে যোগ দেন। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে উৎসুক জনতা ও দলীয় নেতাকর্মীরা রোডমার্চের বহরকে স্বাগত জানান। দ্বিতীয় পথসভা হয় কুমিল্লা সদর দক্ষিণের সোয়াগাজীতে।

সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী শোডাউন করেন। এছাড়া  কালাকচুয়া থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারী অসংখ্য নেতাকর্মী মুরাদনগর থেকে মাইক্রোবাস, মিনি ট্রাক, মোটরসাইকেল নিয়ে রোডমার্চের বহরে যোগ দেন।

 

১৫৫ কিলোমিটার পথে ফেনী, মিরসরাই এবং সীতাকুণ্ডের ভাটিয়ারিতে পথসভা হবে। বিকালে চট্টগ্রামের কাজীর দেউড়ি গিয়ে রোডমার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনী সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে ও কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীমের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান,  আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য  জাকারিয়া তাহের সুমন, মো. আবুল কালাম, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, শেখ ফরিদ আহমেদ মানিক, যুবদল নেতা সুলতান সালাহউদ্দিন টুকু, মামুন হাসান প্রমুখ।

এদিকে দাউদকান্দির গৌরীপুরে খন্দকার মোশাররফ হোসেনের পুত্র খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী রোডমার্চের বহরে যোগ দেন।

উল্লেখ্য, এরআগে সরকারের পদত্যাগ দাবিতে ১৯শে সেপ্টেম্বর থেকে আগামী ৩রা অক্টোবর পর্যন্ত রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট, বরিশাল থেকে পিরোজপুর, ঝিনাইদহ থেকে খুলনা, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ছয়টি রোডমার্চ করেছে বিএনপি। সুত্র, মানবজমিন ।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.