সরকারের পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ সিলেট অভিমুখে রোডমার্চ করবে বিএনপি। সকাল ১০টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর থেকে রোডমার্চ শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেটে গিয়ে শেষ হবে। এ রোডমার্চ পাঁচটি জেলাকে ছুঁয়ে যাবে। তাই প্রতিটি জেলায় একটি করে সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি। কেন্দ্র ঘোষিত ৩ অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচির তৃতীয় দিন কাল শুক্রবার ঢাকা মহানগরের যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ হবে। একই দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে জেলা-মহানগর, উপজেলা-পৌরসভা-ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিলের কর্মসূচিও পালন করবে দলটি।
আজকের রোডমার্চের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। এতে বাস, মিনিবাস, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ নানা যানবাহন থাকবে। প্রতিটি যানবাহনেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকবেন।
ভৈরব প্রতিনিধি জানান, রোডমার্চ সফল করতে বুধবার সকালে ভৈরবে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্থানীয় উপজেলা বিএনপি আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, আমরা শান্তিপূর্ণ রোডমার্চ করব। এতে কেউ বাধা দেবে, এমনটা আমরা মনে করি না। ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, দুর্নীতিবাজ সরকারের অধীনে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না। উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, রোডমার্চে কেউ বাধা দিলে জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ শামীম আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
সিলেট ব্যুরো জানায়, রোডমার্চকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেট বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এক সপ্তাহ ধরে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন দায়িত্বশীল নেতারা। তবে সিলেটের সর্ববৃহৎ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতি বুধবার সন্ধ্যা পর্যন্ত দেয়নি পুলিশ। ফলে মাঠে কোনো মঞ্চ তৈরি করেনি বিএনপি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী যুগান্তরকে বলেন, রোডমার্চে আসা নেতাকর্মীদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত। নগরজুড়ে দুদিন ধরে মাইকিং চলছে। সমাবেশে জনতার ঢল নামবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ যুগান্তরকে বলেন, কোনো বিশৃঙ্খলা না হলে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দেয় না। আর মতপ্রকাশের স্বাধীনতা সবারই আছে।
সিলেটে মাইকিং ও লিফলেট বিতরণ : এদিকে রোডমার্চ সফল করতে বুধবার দিনভর প্রচারণা চলে নগরীতে। মাইকিংয়ের পাশাপাশি প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। এরই অংশ হিসাবে সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা।
এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের মানুষ ভোটাধিকার, বাকস্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার চায়। আওয়ামী লীগ মানুষের সব মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই মানুষ এই ফ্যাসিস্ট সরকারের পতন চায়। আর সরকার পতনের একদফা দাবিতেই ভৈরব থেকে সিলেটে রোডমার্চ।

