আদিলুরের সাজায় মার্কিন দূতাবাসের উদ্বেগ

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলানের ২ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।

আজ দুপুর ২টার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা সময় আদালতে উপস্থিত ছিলেন আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলান।

এ রায়ের পর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস। আজ রাত ৭টা নাগাদ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মানুষের অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষায় মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজ সংগঠনগুলোর কার্যক্রমকে দৃঢ়ভাবে সমর্থন করে। আমাদের ২০২২ কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস ইন বাংলাদেশ- প্রতিবেদনে অনলাইন এবং অফলাইনে মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা এবং মানবাধিকার সংগঠনগুলো বিশেষ সরকারী বিধিনিষেধের সাথে পরিচালিত হওয়ার কথা তুলে ধরা হয়েছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, এ অবস্থায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস মানবাধিকার সংগঠন অধিকার- এর সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে আজকের রায়ে উদ্বেগ প্রকাশ করছে এবং মনে করছে এটি মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভূমিকা পালনের সক্ষমতাকে আরও দুর্বল করে দিতে পারে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, যেই ক্ষমতায় থাকুক না কেন, অধিকার কয়েক দশক ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং প্রতিবেদন তৈরি করেছে। গণতন্ত্রের অপরিহার্য অংশ হিসেবে আমরা মত প্রকাশের স্বাধীনতা এবং প্রাণবন্ত নাগরিক সমাজকে অব্যাহতভাবে সমর্থন করি এবং মৌলিক অধিকার নিয়ন্ত্রণের প্রচেষ্টার বিরোধিতা করি। সুত্র, আমাদের সময় ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.