এই সরকারকে সরানোর জন্য, গণতন্ত্র কায়েম করার জন্য বিএনপির কর্মীরা এদেশের মানুষকে সাথে নিয়ে যা কিছু করা দরকার তাই করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্পষ্ট করে বলতে চাই বিএনপি’র নেতা-কর্মীরা জেলে থাকতে ভয় পায় না, মিছিল করতে ভয় পায় না, আন্দোলন করতে ভয় পায় না। বিএনপি’র কর্মীরা মরতেও ভয় পায় না।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা ও শাহজাহানপুর থানা বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার, খুন এবং সাজা দেয়া কিছুদিনের জন্য বন্ধ থাকলেও নতুন করে আবার শুরু হয়েছে দাবি করে আওয়ামী লীগের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনারা খুনের রাজনীতি শুরু করেছেন এবং খুন দিয়েই আপনাদের রাজনীতি শেষ হবে।
তিনি বলেন, লাশ পাশে রেখে সভা সমাবেশ করা জীবনের প্রথম অভিজ্ঞতা। সারা জীবনের রাজনীতিতে লাশ পাশে রেখে সমাবেশ করা কখনো হয়ে ওঠেনি। এ সরকারের পুলিশের দয়ায় আজকে সেই অভিজ্ঞতা পেয়ে গেলাম। আপনারা শুরু করেছেন গ্রেফতার দিয়ে শেষ করলেন লাশ ফেলে।
আব্বাস বলেন, আজকে আমাদের মিটিং মিছিল আন্দোলন কেন হচ্ছে? এই মিছিল মিটিং আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য করছে না, এদেশের মানুষকে বিএনপি গণতন্ত্রের বাতাস দিতে চায়।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশের পর একটি মিছিল বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে কাকরাইল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবারো কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

