বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন কোনো হস্তক্ষেপ করবে না: রাষ্ট্রদূত

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, ‘চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তারাই ঠিক করবে কীভাবে নির্বাচন হবে।’

আজ বুধবার রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দপ্তরে তার সঙ্গে সাক্ষাত করেন চীনা রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসাবে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সবরকম সহযোগিতা করবে চীন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে বেইজিং।’

 

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একইসঙ্গে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে চীনা বিনিয়োগকারীদের।’

এসময় বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশকে নিয়ে তারা চিন্তিত নয় বলেও জানান চীনা রাষ্ট্রদূত। এছাড়া পদ্মা সেতুর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নের যে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তাতেও চীন সহায়তা করবে বলে জানান তিনি।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.