দেশের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা কেন্দ্র চালু করার আহ্বান জানিয়েছেন ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।
রোববার (৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত ‘পরিবেশ ও সামাজিক অভিঘাতের পরিপ্রেক্ষিতে ডেংগুর প্রসার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে এবং সধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক ড. এম আবু সাঈদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী এবং বিশিষ্ট কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার সহ-সভাপতি স্থপতি ইকবাল হাবিব।
ডা. মুশতাক হোসেন বলেন, ডেঙ্গু এখন আর শহরের রোগ নয়। এটি সারাদেশে ছড়িয়ে পড়েছে। তাই সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। দেশের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা চালু করতে হবে। যারা পজিটিভ হবেন তাদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রতিটি কেন্দ্র মশা প্রতিরোধক নেট ব্যবহারের আয়তায় আনতে হবে।

