চন্দ্রযানের বঙ্গ ব্রিগেড, ইসরো কাঁপাচ্ছেন বাংলার বিজ্ঞানীরা

চন্দ্রযান ৩ নেমেছে চাঁদের অন্ধকার দিকে। সেই অভিযানের সাফল্যে উজ্জ্বল বাংলার বিজ্ঞানমহল, দ্বিতীয় দিনেও। বৃহস্পতিবারও খোঁজ মিলল এ রাজ্যের বেশ কয়েক জন ভূমিপুত্রের, যাঁরা এই চন্দ্রাভিযানে জড়িয়ে।

বুধ-সন্ধ্যায় চন্দ্রযান ৩-এর সফল অবতরণের শেষে বেঙ্গালুরুতে ইসরোর অপারেশন সেন্টারে দেখা গিয়েছে বীরভূমের পাইকরের প্রত্যন্ত গ্রাম, বিলাসপুরের মোশারফ হোসেনকেও। ইসরোর এই সিনিয়র বিজ্ঞানী বৃহস্পতিবার ফোনে জানান, তিনি রম্ভা-এলপি পে-লোডের সায়েন্স ডেটা পাইপলাইনের প্রজেক্ট ডিরেক্টর। ডেটা পাইপলাইন চাঁদ থেকে ভারতে তথ্য পাঠানোয় সহায়তা করবে। রম্ভা-এলপি চন্দ্রপৃষ্ঠের প্লা‌জ়মার ঘনত্ব এবং ইলেকট্রন তাপমাত্রা পরিমাপ করছে। তাঁর কথায়, ‘‘এটা বিশ্বের কাছে ভারতের জয়।’’ এমনই গ্রামের ছেলে মুর্শিদাবাদের শমসেরগঞ্জের মহব্বতপুরের তোসিকুল ওয়ারা ইসরোর একটি বিভাগের প্রধান। এই জেলারই জিয়াগঞ্জের প্রিয়াঙ্কা দাস সিংহ চৌধুরীর মা লোপামুদ্রা জানান, তাঁর মেয়ে তিনটি সংস্থায় ভাল চাকরির প্রস্তাব পেয়ে ছেড়ে দিয়ে ইসরোয় যোগ দিয়েছিলেন, তা-ও ১৫ বছর আগে। একটি বিভাগের প্রজেক্ট ম্যানেজার প্রিয়াঙ্কা বলেন, “চন্দ্রযানের সাফল্য জীবনের সব থেকে বড় পাওনা।”

চন্দ্রযান ৩-এর নেভিগেশন বা ক্যামেরা সিস্টেমের মুখ্য ভূমিকায় থাকা হুগলির উত্তরপাড়ার বি কে স্ট্রিটের জয়ন্ত লাহা ১৪ বছর ধরে ইসরোয় কর্মরত। চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে ওই পরিবার। যেমন উচ্ছ্বাস পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের ছোটেলাল মাড়োয়াড়ি লেনের পরিবহণ ব্যবসায়ী শঙ্কর মিত্রের বাড়িতেও। ওই বাড়ির ছেলে সানি মিত্র জানান, তিনি চন্দ্রযান ৩-এর বিকাশ ইঞ্জিন (যার মাধ্যমে বিক্রমকে পাঠানো হল) তৈরির সিস্টেম ডিজ়াইন দলের সদস্য। তাঁর কাজ ছিল বিকাশ ইঞ্জিনের নকশা থেকে শুরু করে বিভিন্ন বিষয় সংক্রান্ত খুঁটিনাটি হিসাব তৈরি করা। সুত্র, আনন্দবাজার ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.