ইসহাকসহ বিএনপির ২১ নেতার কারাদণ্ড

রাজধানীর কোতোয়ালি থানার গাড়ি ভাঙচুরের মামলায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারসহ ২১ জনের দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৬ জনকে খালাস দেন আদালত। মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আসামি শারীরিকভাবে অসুস্থ থাকায় আজ আদালতে সময় চেয়ে আবেদন করেছিলাম। আদালত আবেদন নামঞ্জুর করে এই রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা সংক্ষুব্ধ। সঠিকভাবে বিচার হলে আমরা ন্যায়বিচার পেতাম। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।’

২০১৩ সালের ২ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ মে আদালতে ইসহাক আলী সরকারসহ ৫৭ জনের চার্জশিট দেন পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান। পরে আদালত এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরুর আদেশ দেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৩১ জুলাই রায়ের দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ১ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আদালতের রায় ঘিরে আসামিরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে হত্যার জন্য ককটেল ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এসময় রাস্তায় চলাচলকারী ৪/৫টি গাড়ি ভাঙচুর এবং সেসব গাড়ির চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় আসামিরা।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.