আসছেন দুই কংগ্রসম্যান, বসবেন শীর্ষ রাজনীতিকদের সঙ্গে 

আসছেন দুই কংগ্রসম্যান, বসবেন শীর্ষ রাজনীতিকদের সঙ্গে

বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের একের পর এক সফরের মধ্যেই এবার আসছেন দুই কংগ্রেসম্যান। তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

বুধবার কংগ্রেসম্যানদের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সরকার তাদের পাঠাচ্ছে। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা, তা দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ কংগ্রেসম্যানরা এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। তাই তারা দেখবেন তাদের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে।

আগামী ১২ আগস্ট চার দিনের সফরে আসছেন দুই কংগ্রেসম্যান। একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের, আরেকজন রিপাবলিকান। তাদের সঙ্গে থাকবেন সহায়তাকারী কর্মকর্তারাও। ১৩ আগস্ট কংগ্রেসম্যানদের কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি), জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। পর দিন দুই কংগ্রেসম্যান আরআরআরসি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এর পর ঢাকায় এসে তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়নি।

কংগ্রেসম্যানদের সফর সম্পর্কে জানতে চাইলে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলা এ সফরের বিষয়ে মুখ খুলতে রাজি হননি। বিষয়টি তিনি এড়িয়ে যান।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.