অবিলম্বে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি বিএনপির

অবিলম্বে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই আহ্বান জানানো হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠকের সিদ্ধান্ত জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় আগামী ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস পালনের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে, প্রায় ১০ বছর আগে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যা সমসাময়িক ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ। সেই সঙ্গে প্রায় ১০ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। বর্তমান সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারের নাগরিকতা নিশ্চিত করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

সভায় ১ দফা দাবিতে আগামী শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা মিছিল এবং ২৬ আগস্ট দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি পালিত হবে।

 

এ ছাড়া গত ১৯ আগস্ট বিএনপি কার্যালয়ে গোয়েন্দা বাহিনীর অভিযান, হবিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের বাধার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। এই সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে যখন জনগণ অংশগ্রহণ করছে তখন পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে।

সভায় ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে তাদের মুক্তি ও  মামলা প্রত্যাহারের দাবি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.