২৮ জুলাই মহাসমাবেশের জন্য ফের ডিএমপিতে দিয়েছে বিএনপির চিঠি

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৮ জুলাই) মহাসমাবেশ আয়োজন করার কথা অবহিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।

বুধবার (২৬ জুলাই) রাতে মহাসমাবেশের অনুমতি চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির এক দফা সামনে রেখে ঢাকায় ২৭ জুলাইয়ের মহাসমাবেশের তারিখ পিছিয়েছে বিএনপি। এক দিন পিছিয়ে বৃহস্পতিবারের মহাসমাবেশ কর্মসূচি আগামী শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে করার সিদ্ধান্ত নেয় দলটি।

বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.