‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে’―আবারও এমন মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি। তার কারণ হচ্ছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছিল। এর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ সংবিধান উপহার দেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব। যারা এই সংবিধান মানে না তারা নিজেদের বাংলাদেশের নাগরিক বলা সঠিক হবে না।
শুক্রবার সকালে আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির নেতারা অনেক কথাই বলতে পারে। এর আগে তিনি আখাউড়া স্টেশনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতায় বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন এক উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত হয়েছে। আমরা শেখ হাসিনার পলিকল্পনা অনুয়ায়ী তার নেতৃত্বে কাজ করব এবং ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।

