সাংবাদিক হিসেবে আমি নিজেকে খুব একটা খারাপ মনে করিনা। আমার তথ্য সংগ্রহের সূত্রও তেমন দুর্বল নয়। আমি বাংলাদেশে আগামীতে কী হ’তে পারে তার মোটামুটি একটা আভাস পেয়ে গেছি। আর পেয়েছি হর্সেস মাউথ থেকেই।
দূর থেকেও শুনতে পাচ্ছি ক্ষমতার অন্দরমহলের কান্নার রোল। তাদের ঘরে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল চলছে। কে বিশ্বস্ত আর কে অবিশ্বস্ত তা নিয়ে চলছে ঝাড়বাছ। সদরের প্রচারণায় প্রফুল্লতা ও জোরগলা জারি রাখার কৌশল কাজে লাগছে না। মুখাবয়বে বিষন্নতা এবং শরীরি ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠছে অসহায়ত্ব।
ক্ষমতা টিকিয়ে রাখতে যাদের বিকল্প নেই সেই দোসরেরাও আর প্রোপাগাণ্ডার ওপর আস্থা রাখতে পারছে না। চিড় ধরেছে তাদের বিশ্বাসেও এবং তারাও জানতে ও বুঝতে চাচ্ছে, পর্দার অন্তরালে হচ্ছেটা কী আসলে!
আমি অনেক দিন ধরেই একটা কথা ক্রমাগত বলে আসছি যে, বিশ্বব্যবস্থায় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রে নয়-এগারোর হামলা এক ঝটকায় বিশ্বব্যবস্থাকে যে নতুন জরুরি অবস্থায় ঠেলেছিল তার অবসান ঘটেছে। নতুন বাস্তবতা বুঝতে না পারায় তৃতীয় বিশ্বে পুরনো হিশেব নিকেশ নিয়ে নিশ্চিন্তে আন্ডায় তা দিতে থাকা অনেকেই এখন সিদ্ধান্ত নিতে গিয়ে খাবি খাচ্ছে।
প্রেসিডেন্ট ক্লিনটনের আমলে বাংলাদেশকে ‘মডার্ন মুসলিম ডেমোক্রেসি’-এর মডেল হিসেবে উপস্থাপনের উদ্যোগের কথা ভুলে যান নি অনেকে নিশ্চয়ই। এরপর প্রেসিডেন্ট জুনিয়র বুশের সময় ১১ সেপ্টেম্বর ২০০১ সালে যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়। ঠিক এক মাসের মাথায় ১১ অক্টোবর তিনি ‘ওয়ার অন টেরর’ নামে দুনিয়াজোড়া মার্কিন ও মিত্রশক্তিসমূহের যৌথ সামরিক অভিযানের ঘোষণা দেন।
এর মাত্র কয়েক দিন আগে পয়লা অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পায় বিএনপি’র নেতৃত্বে চার দলীয় জোট। সে জোটের অন্যতম শরীক ছিল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট। এই জোট নিয়েই বিএনপিকে সরকার গঠন করতে হয় ‘ওয়ার অন টেরর’-এর যামানায়।
দক্ষিণ এশিয়ায় রাষ্ট্র হিশেবে ওয়ার অন টেরর-এর সবচে’ বড় সুবিধাভোগী হয় ইন্ডিয়া। তারা এ অঞ্চলজুড়ে খবরদারির ঠিকেদারি পেয়ে যায়। বাংলাদেশের অভ্যন্তরে এর সকল সুবিধা পুরোপুরি উপভোগের সুযোগ পায় আওয়ামী লীগ। বাইরে ওয়ার অন টেররের ঝাপ্টার সঙ্গে তাল মিলিয়ে আওয়ামী লীগের দেশবিরোধী প্রচারণা এবং দেশের ভেতরে তাদের পরিকল্পিত রাজনৈতিক সহিংসতায় বিএনপি ও সরকার নাস্তানাবুদ হয়।
এসময় দেশে রহস্যপূর্ণ ইসলামী জঙ্গী হামলা এবং পাব্লিক সেক্টরের দুর্নীতি বিষয়ক ব্যাপক ক্যাম্পেইন বিএনপির ক্ষমতার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। মার্কিন ও তাদের মিত্রশক্তি সরাসরি বিএনপি ও তাদের জোটের বিরুদ্ধে অবস্থান নেয়। তবে তখনো সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে সংশয় ছিল। তাই তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে এক অচলাবস্থার সৃষ্টি করে। দিশেহারা বিএনপি তাদের পাতা ফাঁদেই পা দেয়। আওয়ামী লীগ ভয়ঙ্কর সন্ত্রাস চালিয়ে নির্বাচন ভণ্ডুল ও জরুরি অবস্থার আওতায় সেনাসমর্থিত সরকারের ক্ষমতা দখলের পটভূমি রচনা করে। পুরো এপিসোড প্রযোজনা করে প্রভাবশালী দেশগুলোর ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতেরা।
প্রেসিডেন্ট বুশের পর ওবামা ও ট্রাম্প যামানায় ওয়ার অন টেরর জারি ছিল। এ দীর্ঘ সময় ধরেই দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়ার আধিপত্যের ঠিকেদারি বহাল ছিল। তাদের মধ্যস্থতাতেই একটি নির্বাচনী মহড়া করে বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতারোহন ও সেনাসমর্থিত সরকারের নির্বিঘ্ন বিদায় নিশ্চিত করা হয়। শুধু তাই নয়, সব ঝড়-ঝাপটা থেকে বাঁচিয়ে প্রতি মেয়াদান্তে শেখ হাসিনার ক্ষমতার নবায়ন ও টিকিয়ে রাখার মাধ্যমে তাকে “এশিয়ার মস্ত এক প্রাজ্ঞ নেত্রী” রূপে তুলে ধরা হয়েছে। কিছুটা মনস্তাত্ত্বিক বিকৃতি থাকায় শেখ হাসিনা নিজেও তা’ বিশ্বাস করতে শুরু করেন।
এদিকে আফগানিস্তান থেকে মার্কিন ও মিত্রশক্তির সমস্ত সেনা প্রত্যাহার এবং ইরাক থেকে কমব্যাট মিশন গুটিয়ে নেয়ার মধ্য দিয়ে বিনা ঘোষণায় “ওয়ার অন টেরর”-এর অবসান ঘটেছে। এতে ইন্ডিয়া ও শেখ হাসিনা এতোকাল ধরে বাড়তি যে সুবিধা পাচ্ছিলেন সেটা আর নেই। মাঝে মাঝে সাজানো জঙ্গী কার্ড খেলে এখন যে আর আগের মতো সুবিধা পাওয়া যাবে না তা’ জঙ্গী দমনের লক্ষ্যে গঠিত র্যাব-এর ওপর আরোপিত স্যাংকশন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।
পুটিনের রাশিয়ার সঙ্গে বাঁধা গাটছড়া ছাড়তে রাজি না হলেও চীনকে কনটেইন করার ক্ষেত্রে ইন্ডিয়া এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র। তবে দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়ার ঠিকেদারি তুলে নিয়েছে আমেরিকা। বাংলাদেশ ও নেপাল সহ এ অঞ্চলের দেশগুলোকে তারা সরাসরি হ্যান্ডেল করা শুরু করেছে। তাছাড়া বর্মাকে ঘিরে মার্কিন পরিকল্পনার কারণেও যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে।
ক্লিনটনের আমলে বাংলাদেশকে ‘মডার্ন মুসলিম ডেমোক্রেসি’র মডেল করার যে উদ্যোগ ছিল সেটা আবার একটু ভিন্ন আদলে ফিরে এসেছে। বাংলাদেশের জঙ্গীবাদী নয় এমন ইসলামী দলগুলোর সঙ্গেও তারা নতুন করে ইন্টার্যাকশন শুরু করেছে। মার্কিন থিংক ট্যাংকগুলোর বিশ্লেষণ, প্রকাশ্য ও নিয়মতান্ত্রিক রাজনীতির সুযোগ থেকে বঞ্চিত করে এই দলগুলোকে নিষিদ্ধ করলে তাদের তরুণ অংশ জঙ্গীবাদে প্রভাবিত হতে পারে।
এই পরিবর্তিত সময়ে বাংলাদেশের ক্ষমতাসীনেরা এখনো ইন্ডিয়া ও ইসরাইলী লবির পরামর্শে জঙ্গীবাদের পুরনো কার্ড খেলে আগের মতো সুবিধা না-পেয়ে বিষ্মিত হচ্ছে।
গণতন্ত্র বনাম একনায়কত্ব ভিত্তিতে বিশ্বের মেরুকরণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন গণতন্ত্র, মানবাধিকার ও সিভিল লিবার্টির মতো মূল্যবোধগুলোকে তাদের বৈদেশিক সম্পর্কের ভিত্তি বলে গ্রহন করেছে। দক্ষিণ এশিয়ায় তারা বাংলাদেশকে এক্ষেত্রে মডেল হিসেবে দাঁড় করাতে চাইছে। তবে এদেশের বিশেষ কোনো দলের প্রতি তাদের পক্ষপাতিত্ব বা বিদ্বেষ নেই। রেজিম চেঞ্জ কিংবা বিএনপি বা আর কাউকে ক্ষমতায় বসানোও তাদের লক্ষ্য নয়। তারা গণতন্ত্র, মানবাধিকার, বাক-ব্যক্তি-সংবাদমাধ্যমের স্বাধীনতা, ন্যায়বিচার, আইনের শাসনের মতো ইস্যুগুলোর ওপর জোর দিয়ে বাংলাদেশের জনগণকেই সুযোগ দিতে চেয়েছে।
সমস্যা হয়েছে সেখানেই। দেশে শেখ হাসিনা এবং তার দল ও সরকারের কোনো গণভিত্তি নেই। মূল প্রতিদ্বন্দ্বী বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতার বাইরে ঠেলে দিয়ে কিংবা প্রতিদ্বন্দ্বিতার সব সুযোগ রহিত করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা আগের রাতেই সিল মেরে ভোটের বাক্স ভরে তিনি নিজেকে নির্বাচিত ঘোষণা করেছেন। তিনি মিথ্যা মামলা, ফরমায়েশি রায়, গুম, অপহরণ, খুন, হামলা, জেল-জুলুমে বিরোধী দলকে পঙ্গু করে রেখেছেন। প্রতিবাদ-বিক্ষোভ-মিছিল-সমাবেশ প্রায় অসম্ভব করে রেখেছেন পুলিসী হামলায়। মিডিয়া ও বিচারবিভাগকে নফরতুল্য ভূমিকা পালনে বাধ্য করেছেন। আমেরিকা এসব কাজ করতে না দিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচনের কথা বলায় তিনি ক্ষিপ্ত। বললেন, ওরা এসব করছে রেজিম চেঞ্জের উদ্দেশ্যে।
শেখ হাসিনা কল্পনা করেন, বিএনপির সাথে বুঝি আমেরিকার গুপ্ত আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। টাকা দিয়ে বা লবিয়িং করেই বুঝি বিএনপি আমেরিকার পলিসি বদলে ফেলেছে। আসলে এর কিছুই নয়। এই মার্কিন পলিসি পরিবর্তিত বিশ্বব্যবস্থার ফসল। কিন্তু এক দুঃস্বপ্নের ঘোরের মধ্যে থেকে যুক্তরাষ্ট্রকে হ্যান্ডেলের কৌশল নিরূপণ করতে গিয়ে শেখ হাসিনা সবকিছু আরো বেশি লেজেগোবরে করে ফেলেছেন।
পার্সোনালিটি কাল্ট তৈরির রাজনীতি গণতন্ত্রের জন্য এখন একটা ক্ষতিকারক উপাদান। আমেরিকা নিজেও এখন ট্রাম্প অনুসারীদের এই প্রচেষ্টার শিকার। ইন্ডিয়ায় মোদিকেন্দ্রিকতা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু বহুবিধ কারণে ইন্ডিয়ায় কোনো ধারার পরিবর্তন ঘটানো অনেক শক্ত ব্যাপার। অন্ততঃ বাংলাদেশে পার্সোনালিটি কাল্ট ভেঙে কর্মসূচিকেন্দ্রিক এবং মেধাশ্রয়ী যৌথ নেতৃত্বের কাঠামো গড়ে ওঠাকে উৎসাহিত করতে চায় আমেরিকা।
দল হিশেবে বিএনপি নেতৃত্বের সংকটে জর্জরিত। তবু তারা আমেরিকার মনোভাব বুঝতে পেরে তাদের সাধ্য অনুযায়ী ভবিষ্যৎ কর্মসূচি, ক্ষমতার বিকেন্দ্রিকরণ ও যৌথ নেতৃত্বের কাঠামোর রূপরেখা দেয়ার চেষ্টা করছে। পক্ষান্তরে আওয়ামী লীগ করছে উল্টোটা।
আওয়ামী লীগের সব প্রচারণার সার কথা হচ্ছে: ‘কানু ছাড়া গীত নাই।’ শেখ হাসিনার বিকল্প নাই। হাসিনা ছাড়া নির্বাচন নাই। হাসিনা ছাড়া নেতৃত্ব নাই। হাসিনা ছাড়া দেশ বঙ্গোপসাগরে চলে যাবে। কোনো ভালো কাজ হাসিনার হুকুম ছাড়া হয় না। হাসিনা ছাড়া এমন কেউ আওয়ামী লীগে নেই যাকে কেনা যায় না, ইত্যাদি। এসব ধুন গেয়ে তারা নিজের পায়ে কুড়াল মারলে কার কি করার আছে?
গণতন্ত্র, উদারনৈতিকতা, একোমডেশন, সহিষ্ণুতা, ন্যায়বিচার, আইনের শাসন, সংযম, সংলাপ ও সমঝোতা যখন প্রত্যাশিত তখন আওয়ামী লীগ একগুঁয়েমি, জেদ, উৎখাতের ডাক, পেশী প্রদর্শন ও জবরদস্তিকে শক্তি হিশেবে জাহির করছে। জিরো টলারেন্সের কথা বলেও দুর্নীতি-লুণ্ঠনের বিরুদ্ধে কার্যকর কিছুই করেনি তারা। তথাকথিত উন্নয়নের বুলিকে তারা সব ব্যর্থতা ও অপকর্ম আড়ালে করার পর্দা হিশেবে ব্যবহার করছে। হিটলার তার শাসনামলে জার্মানির, মুসোলিনি ইতালির, সাদ্দাম ইরাকের, গাদ্দাফি লিবিয়ার অর্থনৈতিক ও অবকাঠামোর চোখ ধাঁধানো উন্নয়ন করে কি তাদের অপকর্ম আড়াল করতে পেরেছিলেন? চীনের অগ্রগতির চলমান রূপকথার কথা আর নাই বা বললাম।
মার্কিন যুক্তরাষ্ট্রকে “বিএনপির কল্পিত কব্জা” থেকে বের করতে শেখ হাসিনা তার মেধা অনুযায়ী সাধ্যমতো সব চেষ্টাই করেছেন। মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানদের যারাই বাংলাদেশ নিয়ে উচ্চবাচ্য করেছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে হাত করে নিতে লোক লাগিয়েছেন ও লবিস্ট নিয়োগ করেছেন। স্টেট ডিপার্টমেন্ট, ট্রেজারি ও জাস্টিস ডিপার্টমেন্টে তার লোকেরা দ্বারে দ্বারে ঘুরছে। ইন্ডিয়ানদের কাছেও মাথাকুটে মিনতি জানিয়াছেন, তারা যেন কিছু একটা করে। ব্যক্তিগতভাবে উপহার-উপঢৌকন, ব্যবসা-বাণিজ্য ও হরেক রকম সুবিধা দেয়ার লোভনীয় প্রস্তাব কোনো কিছুতেই কাজ হয়নি। যুক্তরাষ্ট্রের মতন একটা দেশের পলিসি যে ব্যক্তিগত কোনো বিষয় নয় এবং এভাবে ব্যক্তিগত যোগাযোগে যে কোনো ফায়দা হবে না তা’ গ্রাম্য মোড়লী কূটবুদ্ধির লোকদের কে বুঝাবে?
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি আজরা জেয়া ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু-দের সাম্প্রতিক সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অবিশ্বস্ত মনে করে দূরে সরিয়ে রেখে থলেদার সালমান রহমানকে নেগোসিয়েশনের মুখ্য দায়িত্ব দিয়ে রাষ্ট্রাচারের বিঘ্ন তো বটেই ব্যাপক দুর্বলতাও প্রকট হয়ে ধরা পড়েছে। বিদেশী কূটনীতিকদের কাছে এ এক হাস্যকর পরিস্থিতি!
আমি আগেই লিখেছিলাম যে, সরকার যুক্তরাষ্ট্রের সফরকারী টিমকে বিএনপির সঙ্গে মধ্যস্থতা করে দেয়ার প্রস্তাব দেবে। সেই চাতুর্যময় প্রস্তাব দেয়া হলে তারা এড়িয়ে গেছে। তারা বলেছে, সংলাপকে আমরা উৎসাহিত করি কিন্তু এর সঙ্গে আমরা জড়াবো না। এর মানে হচ্ছে, সংলাপ চাইলে সেটা উদ্যোগ নিয়ে করার দায়িত্ব তোমাদেরই। আমাদের কথা একটাই, আমরা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অন্তর্ভূক্তিমূলক ইলেকশন চাই। এর ওপরেই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। প্রত্যাশিত মানের নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য আমাদের যা করা দরকার আমরা তা করবো। আমরা কোনো দলের পক্ষে-বিপক্ষে নই। আমরা চাই বাংলাদেশের জনগণকে সুযোগ দিতে।
এগুলো সব প্রকাশ্য বক্তব্য। এই কথাগুলো বলবার জন্য সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এতো উঁচুদরের মার্কিন প্রতিনিধিদলের এখানে আসবার দরকার ছিলো না। ফোনে বা জুম মিটিংয়েও বলে দেয়া যেতো এসব কথা। তারা এসেছিলেন সরাসরি কিছু বিশেষ বার্তা পৌঁছে দিতে এবং তার জবাবে বাংলাদেশের ক্ষমতাসীনেরা কী বলেন তা’ জেনে যেতে। সেটা তারা করেছেন। খুব স্পষ্ট করে হাসিমুখেই সব জানিয়ে দিয়েছেন।
আরেক দফা ক্ষমতায় থাকতে দেয়ার আকুতি জানিয়ে এবং এর বিনিময়ে যে-কোনো কিছু দিতে তৈরি থাকার কথা এ-পক্ষ থেকে বলা হলে তারা বলেছেন, ক্ষমতায় যেতে ও থাকতে দেয়া কিংবা না-দেয়ার মালিক তারা নন, বাংলাদেশের জনগণ। সুষ্ঠু ভোটে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গেই সানন্দে কাজ করবে যুক্তরাষ্ট্র। আর মার্কিন সরকার কোনো ব্যবসা-বাণিজ্যের দরকষাকষির বার্গেইনিং এজেন্ট নয়।
মার্কিনীরা সুষ্ঠু নির্বাচনের কোনো ফর্মুলা না দিয়ে বলটা শেখ হাসিনার কোটে ঠেলে দিয়ে চলে গেছেন। এর অর্থ হচ্ছে এদেশে অনুষ্ঠিত নির্বাচনকে সুষ্ঠু কিংবা অগ্রহনযোগ্য মনে করার পুরো এখতিয়ার তারা নিজেদের হাতে রেখেছেন। নির্বাচন সুষ্ঠু হচ্ছেনা বা হয়নি মনে করলেই তারা তাদের যা করণীয় তা করতে পারবেন। সেটা নির্বাচনের আগে নাকি পরে সে সিদ্ধান্তও তারাই নিবেন। সম্ভাব্য সে-সব কার্যব্যবস্থার কথা খুব খোলাসা করে জানিয়ে গেছেন তারা। কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যক সে সব কঠোর পদক্ষেপ হতে পারে ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতীয় ক্ষেত্রে।
বাংলাদেশের ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহনের কেন্দ্র এ পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেখান থেকে বলা হয়েছে, গেলাম না আমেরিকায়। ওদের কথা না শুনলে ওরা কী করবে? ওদের অ্যাকশনে দুর্ভিক্ষ হবে, অস্থিরতা হবে, নানা ক্ষতি হবে, হোক। দেশ তো আর নিয়ে যেতে পারবে না। আমরা সব সামলাবো।
তবে মাথা ঠাণ্ডা হলে ও পরিস্থিতি থিতিয়ে এলে এ প্রতিক্রিয়া বহাল থাকবে কিনা তা নিয়ে আমি সন্দিহান। অস্তিত্বের সংকট টের পেলে তিনি হয়তো অভ্যন্তরীণ একটা সমঝোতার পথে হাঁটবেন। আর যদি তা না করেন, গোয়ার্তুমি বজায় রেখে যদি হঠকারিতার পথে এগুতে চান তা’হলে তিনি যাদের ওপর নির্ভর করেন তারা কি তাতে সায় দেবে? তিনি দ্রুত একলা হয়ে যাবেন। কেননা, আগের অবস্থা আর নাই। আগের মতন প্রকাশ্য পক্ষ নেয়া ইন্ডিয়ার পক্ষে সম্ভব নয়। নির্বিঘ্ন নিরাপত্তার গ্যারান্টি না থাকলে পুলিস, মিলিটারি, র্যাব, সিভিল প্রশাসন, জুডিশিয়ারি কেউ ঝুঁকি নেবে? মার্কিন বৈরিতা কেউ মোকাবিলা করতে চাইবে না। কেননা তাদের সকলেরই স্বার্থ ও স্টেক আছে আমেরিকায়। এমনকি শেখ হাসিনার পরম বিশ্বস্ত শামিম ওসমানও আমেরিকায় প্রবাসী মার্কিন নাগরিক ছেলের বাবা।
মারুফ কামাল খান , লেখক এবং সাংবাদিক ।


Good analysis!