বাইডেনের বিরুদ্ধে মামলা করা রাব্বীর দায় নেবে না বঙ্গবন্ধু পরিষদ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দেশটির আদালতে মামলা করা যুক্তরাষ্ট্রপ্রবাসী ড. রাব্বী আলমের দায় নেবে না বঙ্গবন্ধু পরিষদ। তিনি সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান।

মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও তার দফতরকেও বিবাদী করে গত ২৬ জুন মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক কোর্টে মামলাটি নথিভুক্ত হয় বলে ফেসবুক পোস্টে জানান মামলার প্রধান বাদী ড. রাব্বী আলম।

বিষয়টি নিয়ে দেশে-বিদেশে আলোচনা-সমালোচনার মধ্যেই বৃহস্পতিবার (৬ জুলাই) একটি বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি। এতে সংগঠনটির মার্কিন যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

জানতে চাইলে বিবৃতির বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, সংগঠনের কোনও ফোরামের সঙ্গেই মামলার বিষয়ে আলাপ করেননি রাব্বী আলম। এই মামলার দায় আমরা নেবো না। এটি তার (রাব্বী আলম) ব্যক্তিগত ব্যাপার। তিনি মাঝেমধ্যে এই রকম মামলা করে থাকে, তা নিয়ে আমরা কিছু বলতে চাই না।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পরিচয়দানকারী মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান নিবাসী জনৈক মো. রাব্বী আলমের বিরুদ্ধে সংগঠনের নিয়ম, শৃঙ্খলা ও ভাবমূর্তিবিরোধী বিভিন্ন কাজে জড়িত থাকার বেশ কিছু অভিযোগ পাওয়ার পর গত বছর তাকে কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয়। আজ অবধি তিনি এর কোনও উত্তর না পাঠানোর কারণে ওই নোটিশে উল্লেখিত শর্ত অনুযায়ী স্বতঃসিদ্ধভাবে সংগঠনের সঙ্গে তার সব ধরনের সম্পর্ক অবলুপ্ত এবং সেই সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হলো।

বিবৃতিতে বলা হয়, বিগত চার দশকের বেশি সময় ধরে দেশে ও বিদেশে সংগঠনের বিরাজমান পরিচ্ছন্ন ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থে সবাইকে জানাচ্ছি যে, মো. রাব্বী আলম বর্তমানে কোনোভাবেই বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে যুক্ত নন এবং তার সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের নামে কোনও রকম আর্থিক লেনদেন বা সংগঠনের প্রতিনিধিত্বমূলক কোনও কর্মকাণ্ড না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

আ আ ম স আরেফিন সিদ্দিক ও আ ব ম ফারুক বলেন, সেই সঙ্গে আরও জানাচ্ছি যে, তিনি অতীতে ও সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে যেসব অভিযোগ দায়ের করেছেন বলে পত্রিকান্তরে প্রকাশ তার কোনোটিতেই তিনি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের কোনও পূর্বানুমতি বা অনুমোদন গ্রহণ করেননি। এগুলো সবই তার নিজস্ব উদ্যোগ। তাই এসব অভিযোগের সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের কোনও পর্যায়েরই কোনও সম্পর্ক নেই।

তারা আরও বলেন, এখন থেকে বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসেবে পরিচয় না দিতে বা অন্য কোনোভাবে বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধিত্ব না করতে মো. রাব্বী আলমকে নির্দেশ ও সতর্ক করা হলো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.