ঢাকায়  শ্রমিকদের রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীর এফডিসি সংলগ্ন রেললাইন অবরোধ করেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এসময় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন শ্রমিকরা। এতে রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ রোববার সকাল ১০টায় এফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ ব্যানার নিয়ে অবস্থান শুরু করেন।

শ্রমিকরা জানান, বিজ্ঞাপন দিয়ে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। যারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। চুক্তি ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে তাদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল কর্তৃপক্ষ তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ ছাড়বেন না বলেও জানান তারা।

 

আন্দোলনকারী শ্রমিকরা বলেন, ‘বাংলাদেশ রেলওয়েতে কখনোই আউটসোর্সিং পদ্ধতি ছিল না। বর্তমানে আমাদের অস্থায়ী শ্রমিকদের ভবিষ্যৎ অন্ধকার করার জন্য এটা চালু করা হয়েছে। যা আমাদের জীবন ধ্বংস করার পদ্ধতি বলে বিবেচিত। আমরা এই আউটসোর্সিং প্রথা বাতিল ও চাকরি ফেরত পাওয়ার দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়েছি যে, এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করে রাখা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রেলওয়ে পুলিশের সদস্যরা।’

 

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.