বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ক্ষমতাসীনদের সিন্ডিকেটের কারণে খাদ্যপণ্যের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এতে করে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’
তিনি বলেন, ‘দেশের জনগণই যেন আওয়ামী সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তাই এদের আমলে মানুষের জীবন কাটে আতঙ্কে, ভয়ে, অবহেলায়, অনাহারে ও অর্ধাহারে। আওয়ামী লীগের ক্ষমতার দরকার হয় কিন্তু ভোটের দরকার হয় না। এই জন্যই দেশে-বিদেশের গণতন্ত্রকামী মানুষরা শেখ হাসিনাকে ধিক্কার দিচ্ছে।’
আজ শনিবার নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যার এবং বিএনপি নেতা শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল হয়ে আবারও কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্য দিয়ে শেষ হয়।
রিজভী বলেন, ‘শেখ হাসিনার নিপীড়ন নির্যাতন ঈদের দিনেও চলেছে। আমাদের অঙ্গ-সংগঠন ছাত্রদল, যুবদলের অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছেন। গোপালগঞ্জের মকসুদপুরে তারা মাইকিং করে বলেছে যে, বিএনপি নেতারা যেন ঈদের নামাজ পড়তে না পারে। আমাদের যে ধর্মীয় অধিকার, ইবাদত করার অধিকার, এই শেখ হাসিনার সন্ত্রাসীরা কেড়ে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এবারের কোরবানির ঈদে মানুষের ভোগান্তির শেষ নেই। ঈদের জন্য ঘরে ফেরা মানুষদের যানজটে দুর্ভোগ পোহাতে হয়েছে। ঈদের প্রাক্কালে বাড়ির উদ্দেশ্যে যেদিন রওনা দিয়েছে, তার পরের দিন সন্ধ্যায় বা মাঝরাতে পৌঁছাতে হয়েছে। কেউ কেউ ঈদের দিনেও বাড়ি পৌঁছেছেন। এটার অবদান ওবায়দুল কাদের সাহেবের।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জনগণকে কৃতদাস মনে করেন। এই দেশে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, তারাই তো সভ্যতায় বিশ্বাস করে, আপনাদের রক্তের মধ্যে কর্তৃত্ববাদ, দু:শাসন। আপনারা জনগণকে কৃতদাস মনে করেন। আপনাদের মুখ থেকেই আজেবাজে কথা, প্রতিপক্ষ রাজনৈতিক দল সম্পর্কে বাজে কথা, ঘৃণ্য কথা বের হয়।’
‘আওয়ামী লীগের কালচার কাউয়া কালচার। এটা কোন মানুষের কালচার না। আমরা এখনও বন্দী। আমরা বাইরে থাকলেও বন্দী, আমাদের কথা বলার স্বাধীনতা নেই।’, বলেন রিজভী।
মিছিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম, এ্যাব’র সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, মৎস্যজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ড. জাহিদুল কবির, কেন্দ্রীয় যুবদলের যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, বিএনপি নেতা জাকির হোসেন, আরিফুর রহমান নাদিমসহ কয়েকশ নেতা-কর্মী।

