ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক চলছে

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনবিষয়ক অনুসন্ধানী দল। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যের প্রতিনিধিদল রয়েছেন।

এর আগে, গত রোববার (৯ জুলাই) ভোরে ইইউ প্রতিনিধিদল ঢাকায় আসার পর সফরের প্রথম দিনে বেশ কয়েকজন কূটনীতিকের সঙ্গে মতবিনিময় করেছেন। সফরের দ্বিতীয় দিন (সোমবার) আওয়ামী লীগের প্রতিনিধিদল, মানবাধিকার কমিশন, বাংলাদেশ পুলিশ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দলটি।

 

নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা ইইউ প্রতিনিধিদলটি আগামী ২৩ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

ইইউর পর্যবেক্ষণ দলটি দুই সপ্তাহ অবস্থান করে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে সরকারকে তাগিদ দিয়ে আসছে।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.