সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের বিচার চাইলেন জাপা চেয়ারম্যান

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ শুক্রবার এক শোকবার্তায় নিহত সাংবাদিক নাদিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শোকবার্তায় জাপা চেয়ারম্যান বলেন, গণমাধ্যমের ওপর হামলা ক্ষমার অযোগ্য অপরাধ। স্বাধীনতার ৫০ বছরেও দেশের সাংবাদিকতা অনিরাপদ। সাংবাদিক নাদিম হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না। নাদিম হত্যায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় একইভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

উল্লেখ্য, গত বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের ওপর হামলা হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোলাম রব্বানি নাদিম বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.