বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবকিছু করছে : মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দাবি করেছেন, বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রে সবকিছু করছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ‘রেজিম চেঞ্জে’র (ক্ষমতা বদল) কৌশলের অংশ।

আজ বুধবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের যারা বন্ধু, তাদের শত্রুর প্রয়োজন নেই উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, তারা (যুক্তরাষ্ট্র) সেন্ট মার্টিন চায়, কোয়াডে বাংলাদেশকে চায়। বাংলাদেশকে তার বাগে রাখতে স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়েছে। এখন নির্বাচনকে উপলক্ষ করে ভিসা নীতি ঘোষণা করেছে। এটা কেবল দুরভিসন্ধিমূলকই নয়, তাদের ‘রেজিম চেঞ্জে’র কৌশলের অংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন, বাইডেন সাহেব, ট্রাম্পকে সামলান। আমাদের ঘর আমরা সামলাব, নির্বাচন হবে। শেখ হাসিনার সরকারকে রেখেই হবে।

মেনন আরও বলেন, বিএনপির উচিত হবে নির্বাচনে অংশ নেওয়া। তারেক রহমান নির্বাচন না করে ২০২৯-এর জন্য অপেক্ষা করতে পারে। কিন্তু বিএনপি এর মধ্যে অস্তিত্বহীন হয়ে পড়বে। তার সেই স্বপ্নও পূরণ হবে না। বাংলাদেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনিয়ে নিতে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল উল্লেখ করে মেনন বলেন, যুক্তরাষ্ট্র তীব্র খাদ্য সংকটের সময় বঙ্গবন্ধুর সরকারকে বিব্রত করতে মধ্য সমুদ্র থেকে গমের জাহাজ ফিরিয়ে নিয়েছিল। বঙ্গবন্ধুর হত্যার পেছনে তাদের কালো হাত ছিল। এখন আবার বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে তারা সবকিছু করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.