ইমরান খানের দলের সভাপতি এলাহি গ্রেপ্তার

.

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের দলের সভাপতি ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ এলাহিকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির একটি মামলায় গতকাল বৃহস্পতিবার তার লাহোরস্থ বাড়ির বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৭০ মিলিয়ন রুপি দুর্নীতির মামলা রয়েছে।

এলাহির মুখপাত্র গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তার ছেলেও এটি নিশ্চিত করে জানান, ভুয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, গত সপ্তাহে দুর্নীতি দমনবিষয়ক একটি আদালত তার অন্তর্বর্তী জামিন আবেদন খারিজ করে দিয়েছিল।

এদিকে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বলেছেন, ‘সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে পুলিশের সহায়তায় দুর্নীতিবিরোধী সংস্থা গ্রেপ্তার করেছে।’

 

মুনিস এলাহি তার বাবা চৌধুরী পারভেজ এলাহির গ্রেপ্তারের পরপরই জানান, ‘তিনি ইমরান খানের দলের সঙ্গেই থাকবেন।’

গত ৯ মে আদালত প্রাঙ্গন থেকে গ্রেপ্তার করা হয় পিটিআই নেতা ইমরান খানকে। ওই ঘটনার প্রতিবাদে পিটিআইয়ের নেতাকর্মীরা পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও ভাঙচুর করে। ১১ মে ইমরান খানকে মুক্তি দিলেও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পিটিআইয়ের শীর্ষ নেতাদের গ্রেপ্তার শুরু করে সরকার। পুলিশ পারভেজ এলাহির বাড়িতেও বেশ কয়েকবার হানা দিয়েছিল। তবে তখন তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.