প্যারিসের অদূরে মন্থ্রইল (Montreuil) শহরে ২৭ ও ২৮ মে এই দুই দিন ব্যাপী চলছে গ্রীস্মকালীন উৎসব। এখানে নাটক, সার্কাস, চিত্রকলা প্রদর্শনী, ঐতিহ্যবাহী খাবার ও শিশুদের নানান খেলাধুলা সহ নানা আয়োজন হয়ে থাকে। আজ আয়োজনের প্রথম দিন চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার সদস্য ও নাট্যকর্মী সোহেব মোজাম্মেলের একটি উন্মুক্ত নাটক পরিবেশন হয়। নাটকের নাম “ভবিষ্যতের শিকড়” (Racines de l’à-venir)। Cie el liqa থেকে নাটকটি প্রযোজনা করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান Fédération des Murs à Pêches। নাটকটি নাট্য, কাব্য ও নৃত্য সহযোগে উপস্থাপনা করা হয়। অভিনয়ে ছিলেন আবু সিলা, মোহাম্মদ সোহেব মোজাম্মেল, নির্দেশনা করেছেন এমিলি হেরিটু, সুর ও শব্দ হেলেন ডুরে। নাটকের বিভিন্ন অংশে ফরাসির পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষার ব্যবহার করা হয়। নাটকের মূল বিষয়বস্তু হলো মানুষের গতিময় জীবনে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় আবার সেখানে নতুন করে শিকড় তৈরি করে। মানবজীবন প্রবাহমান নদীর মতো। নদী যেমন সীমানার খোঁজে ছুটে চলে, মানুষ ও তেমনি গন্তুব্যের পানে ছুটে চলে কিন্তু কিনারা খুঁজে পায়না। মানব যাত্রা তাই চলমান। যখন যেখানে গিয়ে অবস্থান গ্রহণ করে সেখানেই শিকড়ের আস্বাদন গ্রহণ করে। কিন্তু গন্তব্য চূড়ান্ত করতে পারেনা। পথ ভুলে মূলে ফেলে আসা পরিবার, পরিজন তথা প্রতিবেশের খবর নেয়া তখন কঠিন হয়ে উঠে। তবুও শিকড়ের কথা বারবার মনের আকাশে উঁকি মারে। আর জীবনের এই কঠিনতর চলার পথে কত কিছু আপন মনে হয়, আপন করে নিতে হয়।
গুনী নাট্যকর্মী সোহেব মোজাম্মেল এর আগেও বিভিন্ন ফরাসি মঞ্চ নাটকে অভিনয় করেছেন যেখানে বাংলা ভাষার ডায়লক ব্যবহার করা হয়েছে এবং দর্শক সমাদৃত হয়েছে। যে স্থানে উৎসবের আয়োজন করা হয়েছে তার নাম mur à pêche। এই জায়গাটা পীচ ফলের চাষের জন্য নাম করেছিলো। এক সময় দেয়ালে পীচ ফলের চাষ করা হতো। সেই থেকে এর নাম Mur à pêche বাংলায় দেয়ালে পীচ ফল। এখানেই নাকি প্রথম দেওয়ালে এই ফল চাষের চেষ্টা করা হয় এবং খুব সফল হয়। মাঝখানে বন্ধ ছিল। ইদানীং আবার চালু করেছে। বাইরে থেকে অনেক মানুষ আগে এখানে এটা দেখতে আসতো । প্রতিবছর এখানে এই সময়ে উৎসব হয়।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

