আগামী ১৩ মে বার্লিন সফরে যেতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (০৩ মে) জার্মান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি দুই দিনের জন্য বার্লিন সফরে যেতে পারেন। তবে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সফরটি আদৌ হবে কি না তা স্পষ্ট নয়।
পুলিশ এবং স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি আগামী ১৩ মে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের আমন্ত্রণে বার্লিন সফরে যাবেন। জার্মান চ্যান্সেলর এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন। তাকে সামরিক সম্মাননাও জানানো হবে।
এরপর পশ্চিমাঞ্চলীয় শহর আচেন পরিদর্শনের কথা রয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির। সেখানে ২০২৩ সালের শার্লেমেন পুরস্কার নেবেন তিনি।
তবে একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পুলিশের পক্ষ থেকে ইউক্রেনের প্রেসিডেন্টের সফরের বিষয়ে জানানোর বিষয়টি সন্দেহজনক। সূত্রটি বলছে, আমাদের অপেক্ষা করতে হবে। দেখতে হবে এই পরিস্থিতিতে এখনও একটি সফর হতে পারে কি না।
গত বছর ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক আগ্রাসন শুরুর পর থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি বেশিরভাগ সময়ই কিয়েভ থেকে ভিডিও লিংকের মাধ্যমে বিদেশে বৈঠকে বক্তব্য দিয়েছেন। এই সময়ের মধ্যে তার বিরল বিদেশি সফর সম্পর্কে আগে থেকে জানানো হয়নি।

