সেন্ট পিটার্সবার্গে বিস্ফোরণে রুশ সামরিক ব্লগার নিহত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণে দেশটির আলোচিত সামরিক ব্লগার ভ্লাদেন তাতরস্কি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। গতকাল রোববার ১ নম্বর স্ট্রিট ফুড বারে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভ্লাদেন তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফোমিন। তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সোচ্চার সমর্থক ছিলেন। বোমা বিস্ফোরণের সময় ক্যাফেতে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

রুশ মিডিয়ায় বিস্ফোরণ ডিভাইস সম্পর্কে পরস্পরবিরোধী প্রতিবেদন রয়েছে। এটিকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণ বলে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাতারস্কিকে উপহার হিসেবে একটি বক্সে মূর্তি দেওয়া হয়েছিল। এর ভেতরে বোমা লুকানো ছিল বলে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের পরে টেলিগ্রামে তাকে একটি ভাস্কর্য হস্তান্তরের দৃশ্য দেখা যায়। তিনি এটি নিয়ে রসিকতা করছিলেন। তবে এর ভেতরে বিস্ফোরক ছিল কি না তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি রুশ প্রশাসন। এ ঘটনায় তদন্তে নেমেছে নিরাপত্তা সংশ্লিষ্টরা।

সেন্ট পিটার্সবার্গ নিউজ সাইট ফন্টাঙ্কা জানিয়েছে, ক্যাফেটি রাশিয়ার কুখ্যাত ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মালিকানাধীন ছিল। টেলিগ্রামে তাতরস্কির ৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.