শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে। রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে এ ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা জানেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারবেন না। শেখ হাসিনার সঙ্গে তাদের জেতা সম্ভব নয়। সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। মুজিবনগর দিবস উপলক্ষ্যে সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মুজিবনগর দিবসে একদিকে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার, অন্যদিকে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী অপশক্তি বিএনপি, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাব এটিই আজকের অঙ্গীকার।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এত রক্তপাতের পরও আমাদের প্রাপ্তি শূন্য নয়। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি আছে। বঙ্গবন্ধুর স্বল্পোন্নত বাংলাদেশ, যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এখন আমাদের অঙ্গীকার ২০৪০ সালের মধ্যে আধুনিক স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব। এর মধ্যে অন্তরায়ও আছে। আমাদের চলার পথে ষড়যন্ত্রও আছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয়প্রধান হিসেবে দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলী এবং রাজশাহীতে এএইচএম কামরুজামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.