কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে শহীদ মিনার চত্বরে নেওয়া হয়।
শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও তাকে শ্রদ্ধা জানানো হবে। দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ সেখানে রাখা হবে। এরপর দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান আলতাফুন নেছা মায়া বলেন, ‘শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল শুক্রবার সকাল ১০টায় সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হবে। পরে জুমার নামাজের পর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।’
রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে গত মঙ্গলবার রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় জাফরুল্লাহ চৌধুরীর। ক্ষণজন্মা মানুষটির বয়স হয়েছিল ৮১ বছর। আগেই থেকেই ভুগতে থাকা কিডনি জটিলতার পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় লাইফ সাপোর্টে ছিলেন ডা. জাফরুল্লাহ। তার মরদেহ এখন রাখা আছে বারডেম হাসপাতালের হিমঘরে।

